যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্ট শহরে ভয়াবহ এক বন্দুক হামলায় আট শিশুর মৃত্যু হয়েছে—যাদের মধ্যে সাতজনই হামলাকারীর নিজের সন্তান। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, এই ঘটনা সাম্প্রতিক সময়ের সবচেয়ে মর্মান্তিক পারিবারিক সহিংসতার একটি।
পুলিশ জানায়, ৩১ বছর বয়সী হামলাকারী শামার এলকিন্স রোববার ভোরে তিনটি বাড়িতে ঢুকে শিশুদের গুলি করে হত্যা করে। নিহতদের বয়স ছিল মাত্র ৩ থেকে ১১ বছরের মধ্যে। আটজনের মধ্যে সাতজন ছিল ভাই-বোন, আর একজন তাদের আত্মীয়।
ঘটনার শুরুতেই এলকিন্স নিজের স্ত্রীকে গুলি করে গুরুতর আহত করে। এরপর সে পাশের বাড়িতে গিয়ে আরও শিশু ও এক নারীকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার সময় কয়েকজন শিশু পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিল বলে জানিয়েছেন স্থানীয় প্রতিনিধি ট্যামি ফেল্পস।
একটি শিশু প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত হলেও বেঁচে গেছে। এছাড়া দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন—তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
পরে পালানোর সময় এলকিন্স একটি গাড়ি ছিনতাই করে। পুলিশ তাকে থামানোর চেষ্টা করলে গুলিবিনিময়ে সে নিহত হয়। এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের কার্যক্রম তদন্ত করছে রাজ্য পুলিশ।
প্রাথমিকভাবে ঘটনাটিকে “পারিবারিক সহিংসতা” হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। অতীতে এলকিন্সের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগও ছিল। তিনি একসময় লুইজিয়ানা আর্মি ন্যাশনাল গার্ড-এ কর্মরত ছিলেন।
এই ঘটনা আবারও যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা ও পারিবারিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।








