খুলনার তেরখাদা উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হিজমুল্লাহ সোহেল রানা (৪০) মারা গেছেন।
এর আগে শনিবার (২৫ এপ্রিল) সকালে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির অপর গ্রুপের নুর আলম (৫৬) নিহত হন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিএনপির দুই গ্রুপ শহিদুল ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষে প্রথমে সাইফুল গ্রুপের নুর আলম নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হিজমুল্লাহ সোহেল রানার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ধান কাটা ও পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।








