বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সবশেষ

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ১৩জন আহত হয়েছেন। বুধবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ব্যাপারীরহাটে বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া (৮), একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরন্নবী (২৮) ও শিলখুড়ি ইউনিয়নের সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাস চালক লিমন মিয়া (২৮)। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৩জন।

দুর্ঘটনায় আহত ১৩ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ভূরুঙ্গামারীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।। জানা যায়, মাইক্রোবাসের যাত্রীরা রংপুরের একটি বেসরকারি ক্লিনিক থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্কতাকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *