শনিবার, ২ মে ২০২৬

সবশেষ

মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি: তারেক রহমান

সরকারের বয়স এখনও খুবই কম তাই ধাপে ধাপে প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতির কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অল্প সময়ের মধ্যেই জনগণের কাছে দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।

শনিবার (২ মে) সিলেটের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি সরকারের সময়কালকে আড়াই মাস বয়সী শিশুর সঙ্গে তুলনা করেন। তার ভাষায়, যেমন একটি শিশু জন্মের পরপরই হাঁটতে পারে না, তেমনি নতুন সরকারকেও ফল দেখাতে সময় দিতে হবে।

তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে। নারীদের আর্থিকভাবে সক্ষম করতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।

দেশের ক্রীড়া খাত নিয়েও নিজের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন প্রজন্মের ভেতর থেকে প্রতিভা খুঁজে বের করে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে সরকার কাজ করছে। এ প্রসঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময়ের ‘নতুন কুঁড়ি’ উদ্যোগের কথা স্মরণ করেন এবং জানান, তারই ধারাবাহিকতায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে নতুন কর্মসূচি চালু করা হচ্ছে, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে সিলেট থেকেই।

সরকারপ্রধান আরও জানান, ইতোমধ্যে সারাদেশ থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার শিশু এই উদ্যোগে নিবন্ধন করেছে। প্রাথমিকভাবে সাত থেকে আটটি খেলাকে কেন্দ্র করে প্রতিভা যাচাই করা হবে। তার আশা, এখান থেকেই ভবিষ্যতে এমন খেলোয়াড় উঠে আসবে যারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সাফল্য বয়ে আনবে।

তিনি উদাহরণ হিসেবে ক্রিকেট ও নারী ফুটবল দলের সাফল্যের কথা তুলে ধরে বলেন, এসব অর্জন যেমন বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতি বাড়িয়েছে, তেমনি আগামী প্রজন্মও দেশের জন্য নতুন সম্মান বয়ে আনতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *