যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য নতুন সংঘাত ঘিরে আবারও উত্তপ্ত বক্তব্য এসেছে তেহরান থেকে। ইরানের সামরিক নেতৃত্ব জানিয়েছে, পরিস্থিতি যেকোনো মুহূর্তে যুদ্ধের দিকে মোড় নিতে পারে এবং সে ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।
ইরানের সামরিক সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত পুনরায় শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে তারা সতর্ক করে জানায়, যুক্তরাষ্ট্রের যেকোনো ‘ভুল পদক্ষেপ বা উসকানিমূলক আচরণ’ কঠোরভাবে প্রতিহত করা হবে।
তেহরানের দাবি, ওয়াশিংটনের আচরণ ও নীতিতে আন্তর্জাতিক আইন বা চুক্তির প্রতি শ্রদ্ধার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। সামরিক কর্তৃপক্ষের মতে, অতীত আলোচনাগুলোতে ইরান নমনীয়তা দেখালেও তার কোনো ইতিবাচক প্রতিফলন পাওয়া যায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার সময় ইরান একাধিকবার তাদের অবস্থান কিছুটা শিথিল করলেও পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এতে আস্থার পরিবেশ তৈরি হয়নি বলে দাবি তাদের।
সূত্রের বরাতে জানা গেছে, পূর্বে একটি সম্ভাব্য সমঝোতা প্রস্তাব নিয়ে আলোচনায় ইরান কিছু শর্ত শিথিল করেছিল, যার মধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ও ছিল। তবে সেই উদ্যোগ শেষ পর্যন্ত এগোয়নি।
বর্তমান অবস্থায় হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি, পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ইস্যুগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে গভীর মতপার্থক্য রয়েছে।
তেহরানের অবস্থান অনুযায়ী, তাদের ওপর চাপ প্রয়োগ করে ‘শর্তহীন সমঝোতা’ আদায়ের চেষ্টা করা হচ্ছে, যা তারা কোনোভাবেই মেনে নেবে না। ফলে দুই পক্ষই এখন কঠোর অবস্থানে রয়েছে এবং নতুন করে সংঘাতের ঝুঁকি ক্রমেই বাড়ছে বলে মনে করছে ইরান।








