রবিবার, ৩ মে ২০২৬

সবশেষ

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি

দেশের সর্বোচ্চ আদালতে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে পরিচালিত বিচার কার্যক্রমে নতুন সিদ্ধান্ত এসেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের নির্ধারিত দুই দিনের ভার্চুয়াল আদালত কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

রোববার (৩ মে) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশিকুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপিল বিভাগের চেম্বার কোর্টসহ প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার যে ভার্চুয়াল কার্যক্রম চলছিল, তা আপাতত বন্ধ থাকবে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এর আগে, গত ২১ এপ্রিল প্রধান বিচারপতির নির্দেশে ভার্চুয়াল আদালত পরিচালনার একটি নতুন ব্যবস্থা চালু করা হয়েছিল। তখন জানানো হয়, সপ্তাহে দুই দিন, বুধ ও বৃহস্পতিবার আপিল ও হাইকোর্ট বিভাগে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। বাকি কার্যদিবসে সশরীরে উপস্থিত হয়ে শুনানি চলার কথা ছিল।

সে সময় বলা হয়েছিল, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট ২০২০ এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসরণ করে ভার্চুয়াল আদালত পরিচালনা করা হবে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়, ভার্চুয়াল শুনানিযোগ্য মামলার দৈনন্দিন তালিকা ও মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, পাশাপাশি সংশ্লিষ্ট বেঞ্চ থেকেও এ তথ্য পাওয়া যাবে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী ২২ এপ্রিল থেকে ভার্চুয়াল কার্যক্রম শুরু হলেও এখন তা অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *