সোমবার, ৪ মে ২০২৬

সবশেষ

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি গবেষক জামিল আহমেদ লিমনের মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহবাহী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে ফ্লোরিডার অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।

লিমনের জানাজা অনুষ্ঠিত হয় ফ্লোরিডার টাম্পা বে এলাকায় একটি ইসলামিক সেন্টারে, যেখানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। তিনি বিশ্ববিদ্যালয়টিতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

ঘটনার সূত্রপাত ১৬ এপ্রিল, যখন লিমন ও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে লিমনের মরদেহ উদ্ধার করা হয়, আর কয়েকদিন পর বৃষ্টির দেহাবশেষ শনাক্ত করা হয়।

এই ঘটনায় লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আদালতের নথি অনুযায়ী, লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্তের বিরুদ্ধে দুটি ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে এবং তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধারের কথাও উল্লেখ রয়েছে।

তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। লিমনের মরদেহ উদ্ধারের দুই দিন পর, ২৬ এপ্রিল ফ্লোরিডার একটি ম্যানগ্রোভ এলাকায় মাছ ধরতে গিয়ে কয়েকজন কায়াক আরোহী কালো পলিথিনে মোড়ানো দেহাংশ দেখতে পান। হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন ওই স্থান থেকে উদ্ধার করা খণ্ডিত অংশগুলো প্রথমে শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে ৩০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে হিল্‌সবরো কাউন্টি শেরিফ্‌স অফিস নিশ্চিত করে, সেগুলো নাহিদা সুলতানা বৃষ্টির দেহাবশেষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *