মধ্যপ্রাচ্যের দেশ ইরানে নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগে তিনজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে মেহেদি রাসুলি ও মোহাম্মদ রেজা মিরিকে ‘মোসাদের এজেন্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। অন্যদিকে ইব্রাহিম দোলাতাবাদি নামের আরেকজনকে দেশটির উত্তর–পূর্বাঞ্চলের মাশহাদ শহরে সহিংসতা উসকে দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।
এর আগে, গত জানুয়ারিতে মাশহাদের তাবারসি এলাকায় সরকারবিরোধী বিক্ষোভের সময় সৃষ্ট অস্থিরতায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল দোলাতাবাদির বিরুদ্ধে। সেই ঘটনার জের ধরেই তার বিরুদ্ধে মামলা হয় এবং শেষ পর্যন্ত আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়।








