বুধবার, ৬ মে ২০২৬

সন্ধ্যার মধ্যে যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে আজ দিনভর আবহাওয়ার অস্থিরতা বিরাজ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার আগেই কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়ার প্রভাব দেখা যেতে পারে।

বুধবার (৬ মে) অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, উত্তরাঞ্চলে কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। তার মতে, রাজশাহী বিভাগের জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে ঝড়টি দেশে প্রবেশ করতে পারে এবং বেলা সাড়ে ১১টার পর থেকে পূর্ব দিকে অগ্রসর হতে পারে। দুপুরের মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, সকাল ৯টার পর থেকেই ঝড়ের একটি অংশ রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, নীলফামারী ও লালমনিরহাট এলাকায় প্রভাব ফেলছে। পরবর্তীতে দুপুর ২টা থেকে বিকেল ৬টার মধ্যে এটি ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।

ঢাকা শহরেও দুপুরের পর থেকে বিকেল ৫টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *