বুধবার, ৬ মে ২০২৬

সবশেষ

রাতে নিখোঁজ গৃহবধূকে সকালে পাওয়া গেল তেঁতুলগাছের গাছের মগডালে!

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এক গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনার নাটকীয় পরিণতি ঘটেছে পরদিন সকালে। রাতভর খোঁজাখুঁজির পর তাকে একটি তেঁতুলগাছের একেবারে মগডাল থেকে উদ্ধার করা হয়, যা এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ওই নারী মো. আবু সাইদের স্ত্রী। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতভর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

বুধবার সকালে এলাকাবাসী পুকুরপাড়ের একটি উঁচু তেঁতুলগাছের ডালে তাকে দেখতে পান। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি কখনো বসে, কখনো শুয়ে অবস্থান করছিলেন এবং গাছের ওপরেই কিছু খেতেও দেখা যায় তাকে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে নামানোর চেষ্টা শুরু করে। তবে শুরুতে তিনি সহযোগিতা না করে পানিতে লাফ দেওয়ার হুমকি দেন। পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকর্মীরা ধৈর্যের সঙ্গে কৌশল অবলম্বন করেন এবং শেষ পর্যন্ত তাকে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হন।

উদ্ধারের পর তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক জানান, খবর পেয়ে উলিপুর স্টেশনের দল ঘটনাস্থলে গিয়ে পরিবারের সহায়তায় ওই নারীকে উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *