বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

দুই মাস পর জামিনে মুক্ত সেই বাম নেত্রী ইমি

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জামিন পাওয়ার পর অবশেষে কারামুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। বৃহস্পতিবার সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। গ্রেপ্তারের প্রায় দুই মাস পর তিনি মুক্তি পেলেন।

কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে আদালতের জামিনসংক্রান্ত নথি কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে অন্য কোনো আটকাদেশ না থাকায় মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

গত ৭ মার্চ রাতে শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেছিলেন শেখ তাসনিম আফরোজসহ কয়েকজন। রাত সাড়ে নয়টার দিকে রিকশায় মাইক ব্যবহার করে ভাষণ প্রচারের সময় একদল শিক্ষার্থী এতে বাধা দেয়।

ওই দলে ছিলেন ডাকসুর সাবেক নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

পরিস্থিতির একপর্যায়ে এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী রিকশাসহ শেখ তাসনিম আফরোজ এবং আবদুল্লাহ আল মামুনকে শাহবাগ থানায় নিয়ে যান। অভিযোগ রয়েছে, থানার ভেতরে আবদুল্লাহ আল মামুনকে মারধর করা হয়। পরে পুলিশ তাঁদের আটক করে রাখে।

পরদিন আসিফ আহমেদ সৈকতসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

এরপর গত ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান শেখ তাসনিম আফরোজ। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন শুনানি শেষে রুল জারি করে জামিনের আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *