জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা-কে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে সব মামলায় জামিন না মেলায় আপাতত কারামুক্তি পাচ্ছেন না তারা।
সোমবার (১১ মে) এ সংক্রান্ত শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, ফারজানা রুপাকে ছয়টি মামলায় এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দেয়া হয়েছে। তবে উভয়ের বিরুদ্ধে থাকা একটি করে মামলায় সরাসরি জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত। ফলে এখনো তাদের বিরুদ্ধে বিচারাধীন মামলা থাকায় মুক্তির পথ পুরোপুরি খুলছে না।
আইনজীবীরা জানিয়েছেন, সব মামলায় জামিন নিশ্চিত না হওয়া পর্যন্ত কারাগার থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। সেই কারণে আদালতের আংশিক স্বস্তির পরও আপাতত বন্দিই থাকতে হচ্ছে এই সাংবাদিক দম্পতিকে।
শুনানিকালে আসামিপক্ষের হয়ে আদালতে বক্তব্য উপস্থাপন করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
জুলাই গণঅভ্যুত্থান ঘিরে দায়ের হওয়া এসব মামলাকে কেন্দ্র করে শুরু থেকেই বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
আদালতের সাম্প্রতিক এই আদেশের ফলে মামলাগুলোর পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে নজর থাকবে সংশ্লিষ্টদের।








