বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সবশেষ

ওমানে গাড়ির ভেতর থেকে প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার

ওমানে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বুধবার রাতে দেশটির মুলাদ্দাহ এলাকায় একটি পার্কিং করা গাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় তাদের মৃত্যু হতে পারে।

নিহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়ার বাসিন্দা মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ সিরাজ ও মুহাম্মদ শহিদ। পরিবারের সদস্যরা জানান, চার ভাইয়ের মধ্যে দুজনের আগামী শুক্রবার দেশে ফেরার কথা ছিল। এ কারণে তারা একসঙ্গে কেনাকাটার উদ্দেশ্যে বের হয়েছিলেন।

চট্টগ্রাম সমিতি, ওমানের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী জানান, বুধবার সন্ধ্যায় চার ভাই বারকা এলাকায় অবস্থান করছিলেন। পরে তারা মুলাদ্দাহর দিকে রওনা দেন। রাত আটটার পর তাদের একজন বারকায় থাকা এক স্বজনকে ভয়েস ম্যাসেজ পাঠিয়ে জানান, তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং গাড়ি থেকে বের হতে পারছেন না। একই সঙ্গে নিজেদের অবস্থানের লোকেশনও পাঠান।

পরে মুলাদ্দাহ এলাকার একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পান দুই বাংলাদেশি প্রবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির দরজা খুলে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

মো. ইয়াসিন চৌধুরী বলেন, অসুস্থ বোধ করায় হয়তো চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যেই তারা ক্লিনিকটির সামনে গাড়ি থামিয়েছিলেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এদিকে একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়ার লালানগর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন জানান, মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, বিষয়টি প্রশাসন আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি। তবে ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *