গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে ঘিরে চলমান উত্তেজনা রোববার সংঘর্ষে গড়িয়েছে। ক্যাম্পাসে উপাচার্য নিয়োগের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। নিয়োগের পর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ এ সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলন শুরু করে। তাদের দাবি, ডুয়েটের মতো বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বাইরের কেউ নয়, বরং অভিজ্ঞ ও জ্যেষ্ঠ অভ্যন্তরীণ শিক্ষককে উপাচার্য করা উচিত। কয়েকজন শিক্ষকনেতাও একই দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে শুরু হওয়া আন্দোলন রোববার সকালে আরও তীব্র হয়। সকাল ৮টার পর আন্দোলনকারীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় নতুন উপাচার্য ক্যাম্পাসে যোগ দিতে পারেন, এমন খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা বাড়তে থাকে। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
একপর্যায়ে নবনিযুক্ত উপাচার্যের সমর্থক হিসেবে পরিচিত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আন্দোলনকারীদের তর্কাতর্কি শুরু হয়। পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, ডুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কাঠামো অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয়ের চেয়ে আলাদা। তাই এখানকার বাস্তবতা বুঝতে সক্ষম এমন কাউকেই উপাচার্যের দায়িত্ব দেওয়া প্রয়োজন ছিল।
দুপুর পৌনে ১২টার দিকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম জানান, দুপুর ১২টা পর্যন্ত আহত ১৫ জনকে হাসপাতালে আনা হয়েছে।
তবে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে চলা উত্তেজনা রোববার সংঘর্ষে রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। যদিও তার দাবি, এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।








