মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সবশেষ

যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

ঈদুল আজহার ঠিক আগে যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়ের ওপর ভয়াবহ এক হামলার ঘটনা ঘটেছে। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুকধারী দুই কিশোর হামলা চালালে নিরাপত্তাকর্মীসহ তিনজন নিহত হন। পরে হামলাকারী দুজনের মরদেহও উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার দিকে হামলাটি ঘটে। যে ইসলামিক সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়, সেটি মূলত একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সেখানে থাকা মসজিদটি স্যান ডিয়েগোর বৃহত্তম মসজিদগুলোর একটি। হামলার সময় স্কুলে নিয়মিত ক্লাস ও অন্যান্য কার্যক্রম চলমান ছিল। তবে সৌভাগ্যক্রমে কোনো শিক্ষার্থী হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্যান ডিয়েগো পুলিশের শীর্ষ কর্মকর্তা স্কট ওয়াল জানিয়েছেন, হামলার পেছনের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে মুসলিমবিদ্বেষমূলক মানসিকতা থেকে এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ কাজে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।

নিহত তিনজনই মসজিদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অন্যদিকে, মসজিদ থেকে কিছু দূরে একটি গাড়ির ভেতর হামলাকারী দুই কিশোরের মরদেহ পাওয়া যায়। তাদের বয়স ১৭ ও ১৯ বছর। পুলিশের ধারণা, হামলার পর তারা নিজেদের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেছে।

ঘটনার পর পুরো মুসলিম কমিউনিটির মধ্যে আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। মসজিদের ইমাম তাহা হাসান বলেন, এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি তারা আগে কখনও হননি। তার ভাষায়, উপাসনালয়কে লক্ষ্য করে হামলা চালানো অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *