মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সবশেষ

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ার বিজিবির

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, তাদের দ্রুত ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে।

বিজিবি সূত্র জানায়, সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসএফের গুলির জবাবে বিজিবিও পাল্টা ফায়ার করে। তবে পুরো ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অতিরিক্ত টহল ও নজরদারির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিজিবি।

বাহিনীটির পক্ষ থেকে আরও বলা হয়, সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে কঠোর পেশাদারিত্বের সঙ্গে।

এ ছাড়া সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবৈধভাবে সীমান্ত পারাপার কিংবা অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *