সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, দেশের অর্থনীতি ও যাত্রীসেবার চাহিদা বিবেচনায় সম্ভাবনাময় বিমানবন্দরগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বুধবার (২০ মে) সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যেসব এলাকায় বিমানবন্দর স্থাপনের ঘোষণা দিয়েছেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তবে সব প্রকল্প একসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয় বলে পর্যায়ক্রমে কাজ এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।
আফরোজা খানমের ভাষ্য, দেশের যেসব অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম, জনসম্পৃক্ততা এবং যাত্রীসেবার সুযোগ বেশি, সরকার সেসব বিমানবন্দরকে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছে। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সৈয়দপুর শিল্প ও বাণিজ্যিক সম্ভাবনায় সমৃদ্ধ হওয়ায় বিমানবন্দরটি বিশেষ গুরুত্ব পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসারণে জমি অধিগ্রহণের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আজহার পর আনুষ্ঠানিকভাবে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, ব্যবসায়ী হাজী জুবায়ের, তারিকুল ইসলাম তারিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংক্ষিপ্ত মতবিনিময় শেষে সড়কপথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।








