বুধবার, ৫ আগস্ট ২০২৬

সবশেষ

সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেফতার এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা একটি পোস্টকে কেন্দ্র করে দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেফতার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীর।

বুধবার (৫ আগস্ট) ভোরে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী।

ওসি জানান, গ্রেফতারের পর গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়ায় আনা হচ্ছে। পরে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি পোস্টটি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে তাকে এনসিপি থেকে অব্যাহতি দেওয়া হয়।

এই ঘটনার জেরে গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে করা একটি পোস্ট বাদীর নজরে আসে। অভিযোগে বলা হয়েছে, ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরে সমালোচনার মুখে অভিযুক্ত ব্যক্তি পোস্টটি মুছে ফেলেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

এজাহারে আরও বলা হয়, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বিষয়টি বিএনপির একাধিক নেতার নজরে আসার পর দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *