সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯ হাজার ৯৯২ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে আরও কয়েক হাজার বিদেশির বিরুদ্ধে চলছে আইনি প্রক্রিয়া।
শনিবার (৩ অক্টোবর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর গালফ নিউজের।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ৯ হাজার ৯৯২ জনের পাশাপাশি আরও ১৯ হাজার ৮৯৩ জন প্রবাসীকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া ৪ হাজার ৯১ জন বর্তমানে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
আইন লঙ্ঘনের অভিযোগে দেশটিতে বর্তমানে ৩২ হাজার ১৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান। তাঁদের মধ্যে ২৯ হাজার ৯৩৪ জন পুরুষ এবং ২ হাজার ২০৫ জন নারী।
অবৈধ প্রবেশ ঠেকাতে আটক ১,৩৮২
সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগেও অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। এক সপ্তাহে এ ধরনের চেষ্টার সময় ১ হাজার ৩৮২ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে ৬১ শতাংশ ইথিওপিয়ার নাগরিক। ৩৮ শতাংশ ইয়েমেনের নাগরিক এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে আরও ৩২ জনকে আটক করা হয়েছে।
আইন লঙ্ঘনে কঠোর সৌদি কর্তৃপক্ষ
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে দেশটিতে বসবাসরত বিদেশিদের আবাসন, শ্রম ও সীমান্তসংক্রান্ত আইন মেনে চলার বিষয়ে কর্তৃপক্ষের কঠোর অবস্থানের বিষয়টি উঠে এসেছে।
একদিকে আইন লঙ্ঘনকারীদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে, অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগের আইনি প্রক্রিয়া শেষ হয়নি তাদের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি অবৈধভাবে দেশটিতে প্রবেশ ও বের হওয়ার চেষ্টাও নজরদারির মধ্যে রাখা হয়েছে।








