বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সবশেষ

উত্তরা-আজমপুরে শ্রমিক বিক্ষোভ, সাড়ে ৩ ঘণ্টা পর পুলিশের ধাওয়ায় সচল সড়ক

বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল থেকে তাদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের ধাওয়া ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে দুপুর পৌনে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ সময় শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হলেও তারা অবস্থান অব্যাহত রাখেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়।

পুলিশ ও শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে একাধিক পোশাক কারখানার শ্রমিক আজমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবির মধ্যে রয়েছে বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধি। একই দাবিতে গত মঙ্গলবার ও বুধবারও বিক্ষোভ করেন তারা।

শ্রমিকদের টানা তিন দিনের আন্দোলনে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল ব্যাহত হচ্ছিল। বৃহস্পতিবার অবরোধের কারণে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে বিমানবন্দর সড়ক পর্যন্ত। দীর্ঘ যানজটে আটকে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা।

বিক্ষোভকারী শ্রমিক আখতার হোসেন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধসহ তাদের দাবিগুলো নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমাধান মেলেনি। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন বলে অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *