সোমবার, ২ নভেম্বর ২০২৬

সবশেষ

প্রেমের সন্ধানে ফিনল্যান্ডে বিনা খরচে ৪ দিনের ভ্রমণ, সুযোগ পাবেন অবিবাহিতরা

প্রেমের মানুষ খুঁজতে এবার আর ডেটিং অ্যাপে সীমাবদ্ধ থাকতে হবে না। চাইলে সরাসরি ঘুরে আসা যাবে ইউরোপের দেশ ফিনল্যান্ড থেকে। তাও আবার সম্পূর্ণ বিনা খরচে। বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন অবিবাহিতকে চার দিনের বিশেষ ভ্রমণে আমন্ত্রণ জানাচ্ছে দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’। এই আয়োজনে শুধু দেশটির প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি উপভোগ নয়, স্থানীয় অবিবাহিতদের সঙ্গে ডিনারে অংশ নিয়ে পরিচিত হওয়ার সুযোগও থাকছে।

‘ফিনিশ ডিনার ডেট’ নামের ব্যতিক্রমী এ আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি। নির্বাচিত ১৬ জনকে দুটি দলে ভাগ করা হবে। প্রতিটি দলে থাকবেন আটজন করে। তাদের নিয়ে আয়োজন করা হবে চার দিনের ভ্রমণ।

এই আয়োজনের আওতায় অংশগ্রহণকারীদের নিয়ে যাওয়া হবে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি অথবা লেকল্যান্ড অঞ্চলের তাম্পেরে শহরে। তবে কে কোন গন্তব্যে যাবেন, তা অংশগ্রহণ চূড়ান্ত হওয়ার পর জানানো হবে। প্রতিটি দলের সঙ্গে বিশেষ ডিনারে অংশ নেবেন স্থানীয় দুজন অবিবাহিত ফিনিশ নাগরিক।

ডিনারেই মিলতে পারে মনের মানুষের খোঁজ
আয়োজনটির বিশেষ আকর্ষণ স্থানীয় খাবার ও সংস্কৃতিকে ঘিরে সাজানো ডিনার। চার দিনের সফরে অংশগ্রহণকারীদের জন্য থাকবে খাবার ও সংস্কৃতিভিত্তিক বিভিন্ন কার্যক্রম। বিশেষ নৈশভোজে পরিবেশন করা হবে ফিনল্যান্ডের আঞ্চলিক খাবার দিয়ে তৈরি বিশেষ টেস্টিং মেনু।

এতে স্থান পাবে বুনো মাছ, বিভিন্ন ধরনের বেরি, মাশরুমসহ স্থানীয় উপাদানে তৈরি নানা খাবার। একই টেবিলে খাবার উপভোগের পাশাপাশি স্থানীয় অবিবাহিতদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও তৈরি হবে। ভ্রমণের যাবতীয় খরচ বহন করবে আয়োজক সংস্থা।

আবেদন করতে হলে তৈরি করতে হবে ইংরেজি ভিডিও
এই ভ্রমণে অংশ নিতে আগ্রহীদের আবেদনের জন্য একটি ব্যতিক্রমী পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমে ইংরেজিতে একটি ভিডিও তৈরি করতে হবে। সেখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, ডিনার ডেটে গেলে কী খাবার পরিবেশন করবেন এবং কেন সেই খাবার বেছে নেবেন?

ভিডিওটি ইনস্টাগ্রাম, টিকটক অথবা ইউটিউবে প্রকাশ করতে হবে। এ সময় আয়োজকের নির্ধারিত হ্যাশট্যাগ ব্যবহার এবং ভিজিট ফিনল্যান্ডের অ্যাকাউন্ট ট্যাগ করতে হবে। এরপর সংস্থাটির ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করে প্রকাশিত ভিডিওর লিংক জমা দিতে হবে।

কারা পাবেন আবেদনের সুযোগ?
আয়োজকদের শর্ত অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত এবং কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহীরা এতে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় ১০ নভেম্বর ২০২৬। আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত ১৬ জনের নাম প্রকাশ করা হবে ১ ডিসেম্বর।

অর্থাৎ, যারা নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ইউরোপের একটি দেশ ঘুরে দেখার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি হতে পারে ব্যতিক্রমী অভিজ্ঞতা। তবে সুযোগ পেতে হলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *