শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

১৮০০ বিদেশি এজেন্সির ওমরাহ চুক্তি স্থগিত করল সৌদি আরব

ওমরাহ যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে কঠোর অবস্থানে সৌদি আরব প্রশাসন। ওমরাহ কার্যক্রম পরিচালনার অনুমতি পাওয়া প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির চুক্তি স্থগিত করেছে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। মূলত সেবার মানে ঘাটতি এবং কর্মদক্ষতার অভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রোববার (১ ফেব্রুয়ারি) সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে।

কেন এই স্থগিতাদেশ?মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত মূল্যায়নের ভিত্তিতে দেখা গেছে এই ১৮০০ এজেন্সি নির্ধারিত মানদণ্ড অনুযায়ী হজযাত্রীদের সেবা প্রদানে ব্যর্থ হয়েছে। ওমরাহ খাতের বিশ্বাসযোগ্যতা এবং হজযাত্রীদের অধিকার সুরক্ষায় এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের ত্রুটি ও ঘাটতি সংশোধনের জন্য ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে শর্ত পূরণ করতে পারলে স্থগিত হওয়া চুক্তিগুলো পুনরায় কার্যকর করা হবে।

মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, যেসব ওমরাহ যাত্রীর কাছে ইতিমধ্যে বৈধ ভিসা রয়েছে কিংবা যারা আগে থেকেই বুকিং সম্পন্ন করেছেন, তাদের ওপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। তাদের ওমরাহ ও ভ্রমণ কার্যক্রম পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী স্বাভাবিক থাকবে।
মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আলনওয়াইমি বলেন, “ওমরাহ খাতের স্বচ্ছতা এবং হজযাত্রীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমাদের নজরদারি ও মূল্যায়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *