কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) চৌহালী আমলী আদালতের বিচারক এ নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগে বলা হয়, তিনি মন্ত্রীকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী হিসেবে উল্লেখ করেন, যা পরবর্তীতে আইনি জটিলতার জন্ম দেয়।
এর আগে চলতি মাসের ২ এপ্রিল সিরাজগঞ্জ জজ আদালতে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। মামলার পর আদালত গত ১৯ এপ্রিল আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল।
তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় বিষয়টি আদালতের নজরে আসে। এরপর শুনানি শেষে বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।








