মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সবশেষ

ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরীয় সৈন্যদের স্মরণে স্মৃতিসৌধের উদ্বোধন করলেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরীয়দের স্মরণে পিয়ংইয়ংয়ে একটি স্মৃতিসৌধ উন্মোচন করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রী গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

কিম ও বেলোউসভ একটি মূর্তি উন্মোচন করেন ও একটি স্মৃতি জাদুঘর খোলেন সময় মাথার উপর দিয়ে সামরিক বিমান উড়ে যায় এবং আকাশে সাদা বেলুন উড়িয়ে দেওয়া হয়।

ইউক্রেনের বিরুদ্ধে কতজন উত্তর কোরীয় সৈন্য যুদ্ধ করছে তা জানা যায়নি, তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার ধারণা, রাশিয়াকে পশ্চিম কুর্স্কের কিছু অংশ পুনরুদ্ধারে সহায়তা করার জন্য কমপক্ষে ১৫,০০০ উত্তর কোরীয় সৈন্য পাঠানো হয়েছে।

সিউলের আরও অনুমান, এই সংঘাতে প্রায় ২,০০০ উত্তর কোরীয় নিহত হয়েছে। তবে, পিয়ংইয়ং বা রাশিয়া কেউই কোনো সরকারি সংখ্যা জানায়নি। মনে করা হয়, সৈন্য পাঠানোর বিনিময়ে, উত্তর কোরিয়া মস্কো থেকে খাদ্য, অর্থ এবং প্রযুক্তিগত সহায়তা পেয়েছে।

রবিবার বৈদেশিক সামরিক অভিযানে ‘স্মৃতিচারণ জাদুঘর’-এর উদ্বোধনটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয়, যেদিন রাশিয়া কুর্স্কের কিছু অংশ পুনরুদ্ধারের প্রথম বার্ষিকী পালন করছে। ২০২৪ সালের আগস্টে ইউক্রেন কুর্স্কে একটি আকস্মিক অনুপ্রবেশ চালায়। রাশিয়া জানায়, এর এক বছর পর তারা অঞ্চলটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, কিম বেলোউসভকে আশ্বস্ত করেছেন যে উত্তর কোরিয়া “জাতীয় সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য রুশ ফেডারেশনের নীতিকে বরাবরের মতোই পূর্ণ সমর্থন করবে”। কিম বলেন, রাশিয়া “ন্যায্য পবিত্র যুদ্ধে অবশ্যই বিজয় লাভ করবে”।

রুশ সংবাদ সংস্থাগুলোর মতে, বেলোউসভ বলেছেন, তিনি উত্তর কোরীয় কর্মকর্তাদের সাথে দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

বেলোউসভ ছাড়াও, কিম রাশিয়ার সংসদের স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিনের সাথেও দেখা করেছিলেন, যিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন ঘনিষ্ঠ মিত্র।

২০২৪ সালের জুনে, পুতিন ও কিম একটি চুক্তিতে স্বাক্ষর করেন, যেখানে অঙ্গীকার করা হয় যে, কোনো একটি দেশের বিরুদ্ধে “আগ্রাসনের” ঘটনা ঘটলে রাশিয়া ও উত্তর কোরিয়া একে অপরকে সাহায্য করবে। সে সময় কিম এই চুক্তিটিকে “এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী” বলে অভিহিত করেন।

সৈন্যদের পাশাপাশি, উত্তর কোরিয়া কুর্স্ক পুনর্গঠনে সাহায্য করার জন্য হাজার হাজার শ্রমিক পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছিল।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *