মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। এ অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাদ্য ও গোলাবারুদসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।
মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারে বিপুল পরিমাণ রসদ তোলা হচ্ছে।
প্রকাশিত ছবিতে যে যুদ্ধজাহাজটি দেখা গেছে, সেটি ‘ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক’। এই রণতরি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা দিচ্ছে বলে জানা গেছে। নতুন করে সরবরাহকৃত এসব রসদ যুদ্ধজাহাজগুলোর দীর্ঘমেয়াদি কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, চলমান এই সংঘাতের ব্যয় নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। মার্কিন সিনেটে দেওয়া এক বক্তব্যে পেন্টাগনের প্রধান পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের সঙ্গে এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন ডলার (২ হাজার ৫০০ কোটি ডলার) ব্যয় হয়েছে।
তবে বিশ্লেষক ও বিভিন্ন সংস্থার মতে, প্রকৃত ব্যয়ের পরিমাণ সরকারি হিসাবের তুলনায় আরও বেশি হতে পারে। চলমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে এ ব্যয় আরও বাড়ার আশঙ্কাও রয়েছে।








