ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমকে মেয়র পদে প্রার্থী করা হয়েছে, এমন খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এ বিষয়ে সরাসরি কোনো অবস্থান জানানো হয়নি। তবে দলটির ভেতরে আলোচনা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
শুক্রবার সকালে রাজধানীর কাকরাইল এলাকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সভায় দলের কয়েকজন দায়িত্বশীল সাদিক কায়েমের নাম মেয়রপ্রার্থী হিসেবে প্রস্তাব করেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলের ভেতরে আলোচনা বা প্রস্তাব আসতেই পারে, তবে এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। তিনি জানান, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই প্রার্থী নির্ধারণের প্রক্রিয়া চলছে এবং কেন্দ্রীয়ভাবে অনুমোদন পাওয়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
তিনি আরও বলেন, এখনো কেন্দ্রীয়ভাবে কোনো নাম অনুমোদিত হয়নি, তাই কোনো ব্যক্তিকে প্রার্থী হিসেবে প্রচার করা সঠিক নয়।
এদিকে, সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণার খবরের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রশিবিরের কোনো দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শুধু প্রার্থী হওয়াই নয়, দায়িত্বে থাকা অবস্থায় কাউকে অন্য কোনো রাজনৈতিক দল থেকে প্রার্থী হিসেবে ঘোষণাও দেওয়া সম্ভব নয়। তবে সংগঠনের দায়িত্ব শেষ করে কেউ চাইলে ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন।
বর্তমান পরিস্থিতিতে সাদিক কায়েমকে ঘিরে যে ধরনের সংবাদ প্রচার হচ্ছে, তা বিভ্রান্তিকর হতে পারে উল্লেখ করে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ছাত্রশিবির।








