রাজধানীর মোহাম্মাদপুর এলাকায় ছাত্রদলকর্মী শেখ মোহাম্মদ আশিককে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ করে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
অভিযোগপত্রে অন্তর্ভুক্ত অন্যদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই গণ-অভ্যুত্থানের সময় মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। বিকেলের দিকে লাঠিচার্জ ও গুলিবর্ষণের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন আশিক। হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায় বলে অভিযোগে বলা হয়েছে।
পরে একই বছরের ২৮ সেপ্টেম্বর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় শুরুতে শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও প্রায় দেড়শ’ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
তদন্ত শেষে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, শীর্ষ পর্যায়ের নির্দেশনা ও পরিকল্পনার অংশ হিসেবে অভিযুক্তরা সমন্বিতভাবে সহিংসতা চালানোর মাধ্যমে চলমান আন্দোলন দমন করার চেষ্টা করেছে। মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ায় পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার অপেক্ষায় রয়েছে।








