বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সবশেষ

পশ্চিমবঙ্গে গরু-মহিষ জবাই নিষিদ্ধ করল বিজেপি

পশ্চিমবঙ্গে পশু জবাইয়ের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ চালু করেছে রাজ্যের বিজেপি সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রকাশ্যে গরু, মহিষসহ কোনো পশু জবাই করা যাবে না। এমনকি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ ও প্রশাসনিক অনুমতি ছাড়া ব্যক্তিগতভাবেও পশু জবাই নিষিদ্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাজ্য সরকার সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে পশু জবাইয়ের আগে স্থানীয় প্রশাসন ও সরকারি পশু চিকিৎসকের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়মে বলা হয়েছে, গরু, ষাঁড়, মহিষসহ যেকোনো পশু জবাইয়ের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ‘ফিটনেস সনদ’ নিতে হবে। ওই সনদে উল্লেখ থাকতে হবে যে পশুটি জবাইয়ের উপযুক্ত এবং তা আর কাজ, প্রজনন কিংবা কৃষিকাজে ব্যবহারের সক্ষমতা রাখে না। পাশাপাশি পশুর বয়স ১৪ বছরের বেশি হতে হবে অথবা আঘাত, বিকলাঙ্গতা কিংবা অনিরাময়যোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হতে হবে।

বিধি অনুযায়ী, এই সনদ দিতে হবে পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসককে যৌথভাবে। কোনো আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন।

সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, অনুমোদিত পশু কেবল পৌরসভার নির্ধারিত কসাইখানা বা প্রশাসন নির্ধারিত স্থানে জবাই করা যাবে। খোলা জায়গা বা জনসমাগম এলাকায় পশু জবাই পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

নতুন নিয়ম বাস্তবায়নে প্রশাসনকে বিশেষ ক্ষমতাও দেওয়া হয়েছে। পৌরসভা, পঞ্চায়েত বা পশু চিকিৎসা বিভাগের অনুমোদিত কর্মকর্তারা প্রয়োজনে যেকোনো স্থাপনা পরিদর্শন করতে পারবেন এবং এ কাজে বাধা দেওয়া যাবে না।

নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা এক হাজার রুপি জরিমানার বিধান রাখা হয়েছে।

দীর্ঘ ১৫ বছর পর মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের পতনের পর পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে বিজেপি। সরকার গঠনের পর পশু জবাই নিয়ে এটিই তাদের প্রথম বড় ধরনের নীতিগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *