আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক আবদুস সালাম বলেছেন, কোরবানির বর্জ্য সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যেই পরিষ্কার করা হবে।
বুধবার (২০ মে) সকালে রাজধানীর পুরান এলিফ্যান্ট রোডের ১৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত সবজি বাগান এসটিএস এলাকায় সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক জানান, নগরবাসীর সুবিধার কথা বিবেচনায় রেখে প্রতিটি পশুর হাটে কন্ট্রোল রুম স্থাপন করা হবে। পাশাপাশি সেখানে চিকিৎসক ও পুলিশের টহল ব্যবস্থা থাকবে, যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে হাটে আসা-যাওয়া ও কেনাবেচা করতে পারেন।
তিনি আরও বলেন, পশুর হাটগুলোতে জমে থাকা বর্জ্য হাট কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অপসারণ করা হবে, যাতে পরিবেশ দূষণ বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন আবদুস সালাম। তিনি জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ইতোমধ্যে ওয়ার্ডভিত্তিক জরিপ কার্যক্রম শুরু হয়েছে। জরিপের তথ্য বিশ্লেষণ করে আগাম পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।








