সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) তাদের এ দণ্ড কার্যকর করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আজেল নিউজ এ তথ্য জানিয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। পরবর্তী সময়ে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়। বিচারিক কার্যক্রম শেষে আদালত তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।
বিবৃতিতে আরও জানানো হয়, আদালতের রায় চূড়ান্ত হওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর দণ্ড কার্যকর করা হয়েছে।
তবে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে ওই দুই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে সৌদি সরকার জানিয়েছে, পবিত্র স্থান ও মসজিদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ইসলামি আইন কার্যকর করার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এসব স্থানের মর্যাদা ক্ষুণ্ন করা কিংবা সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।








