সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত শায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টায় প্রাণ হারিয়েছেন দুই প্রবাসী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার সকালে সৌদি আরামকোর একটি স্থাপনাকে লক্ষ্য করে এ হামলার চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াকরণ স্থাপনার দিকে ধেয়ে আসা ড্রোনটি সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে। তবে এ ঘটনার পর তেলক্ষেত্রের সীমানার বাইরে একটি গাড়িতে আগুন ধরে যায়। গাড়িটি সেখানে কর্মরত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানাধীন ছিল।
হামলায় নিহত দুজনের মধ্যে একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। আহত দুজনের একজন পাকিস্তানি ও অন্যজন ভারতীয় বলে নিশ্চিত করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।
কর্মকর্তা জানান, ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। তবে ড্রোন হামলার চেষ্টা সত্ত্বেও শায়বাহ তেলক্ষেত্রের স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে মন্ত্রণালয়।








