বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সবশেষ

নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে অনুসরণের পাশাপাশি নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বেবিচকের সদস্য এয়ার কমোডর আসিফ ইকবাল।

বেবিচক সূত্রে জানা গেছে, বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় নিয়মিত টহল জোরদার, সন্দেহজনক যানবাহনে তল্লাশি এবং প্রবেশপথগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে বলা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরের অভ্যন্তরেও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে।

সম্প্রতি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ঘিরেও উদ্বেগ তৈরি হয়। গত মঙ্গলবার রাতে বিমানবন্দরের বাইরের একটি গেটে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দর এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় শাহজালাল বিমানবন্দরের সামনের ফ্লাইওভারে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পুলিশের টহল ও অবস্থান নিশ্চিত করতে বিমানবন্দর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিমানবন্দরের বাইরের নিরাপত্তা পর্যবেক্ষণ আরও কার্যকর করতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় শুধু শাহজালাল নয়, দেশের সব বিমানবন্দরেই নিরাপত্তা তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বেবিচক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *