গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ এবং মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাদের হাতে রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বইঠাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়।
সকাল থেকে বৃষ্টির মধ্যেই গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় লোকজন জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ শুরু করেন তারা। একই সময়ে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে তৈরি করা অবরোধেও পিকেটারদের অবস্থান করতে দেখা যায়।
কিছুক্ষণ পরপর দোলা পাম্প, শহরের লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় অস্ত্র হাতে মিছিল বের করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতির কারণে সড়কে সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
সকাল থেকেই গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এতে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। জরুরি প্রয়োজনে কিংবা অফিসের কাজে বের হওয়া মানুষ যানবাহন না পেয়ে বৃষ্টির মধ্যেই হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন।
শহরের প্রবেশপথসহ বিভিন্ন স্থানে অবরোধ
বৃহস্পতিবার ভোর থেকেই গোপালগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকালে সদরের অধিকাংশ রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা। সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড় থেকে শহরে প্রবেশের পথে গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করা হয়।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পার হয়ে নীলা মাঠ এলাকায় অন্তত তিনটি স্থানে গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যে একটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করেন কয়েকজন। হাসপাতাল মোড় ও সার্কিট হাউস মোড়েও একইভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।
অন্যদিকে মধুমতী নদী পার হয়ে গোপালগঞ্জে প্রবেশের পথে খুলনা-ঢাকা মহাসড়কের চর গোবরা এলাকাতেও গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সূত্রের দাবি, সেখানে যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। ওই পথ দিয়ে পায়ে হেঁটেও চলাচল করতে পারছেন না মানুষ।
দোকানপাট বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
অবরোধের কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শহরের ভেতরে কিছু ইজিবাইক, ভ্যান ও রিকশা চলাচল করলেও সংখ্যায় ছিল খুবই কম। এক প্রতিবন্ধকতা থেকে আরেক প্রতিবন্ধকতার মধ্যবর্তী ছোট অংশে কিছু যানবাহন চলতে দেখা যায়। ফলে যাত্রীদের একাধিকবার যানবাহন পরিবর্তন করে গন্তব্যে যেতে হয়েছে।
নীলা মাঠ এলাকা থেকে বৃষ্টিতে ভিজে ঘোনাপাড়ার দিকে হেঁটে যাচ্ছিলেন কয়েকজন। তাদের মধ্যে দুই নারী জানান, তারা গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে চাকরি করেন। যানবাহন না পেয়ে কর্মস্থলে পৌঁছাতে তাদের হেঁটেই রওনা হতে হয়েছে।
সকাল সোয়া ৯টার দিকে ঘোনাপাড়া মোড়ের গোলচত্বরের রেলিংয়ের সঙ্গে দুজনকে বেঁধে রাখতে দেখা যায়। সেখানে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের অভিযোগ, আগের রাতে মহাসড়কে চলাচলকারী অ্যাম্বুলেন্সসহ কয়েকটি যানবাহনে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে এলাকার বদনাম হচ্ছে বলে দাবি করে তারা অভিযুক্তদের আটক করেছেন বলে জানান।
সকাল সাড়ে ৯টা পর্যন্ত শহরের প্রায় সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের কয়েকটি দোকান খোলা দেখা যায়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও উপস্থিতি ছিল না বললেই চলে।
আটকা দেড় শতাধিক পণ্যবাহী যান
মহাসড়কে অবরোধের কারণে গত বুধবার রাত থেকেই গোপালগঞ্জ অংশে বিভিন্ন স্থানে পণ্যবাহী যানবাহন আটকে রয়েছে। বিশেষ করে সদর উপজেলার চরপাথালিয়ার দোলা পাম্প এলাকায় রাত ১০টা থেকে ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপসহ দেড় শতাধিক গাড়ি আটকা পড়ে।
মহাসড়কের বিভিন্ন অংশে গাছের গুঁড়ি, কাটা গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে রাখায় যান চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বুধবার সন্ধ্যার পর থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে রাস্তায় ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। কয়েকটি স্থানে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন ধরানোর ঘটনাও ঘটে।
সিলেট থেকে পাথর নিয়ে বাগেরহাটের কাটাখালী যাচ্ছিলেন ডাম্পট্রাকচালক মোহাম্মদ আলী। তিনিও দোলা পাম্প এলাকায় আটকা পড়েন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় সিলেট থেকে যাত্রা শুরু করে বুধবার ঢাকার মহাখালীতে বিরতি নেন। পরে রাত ৯টার দিকে গোপালগঞ্জে প্রবেশ করেন। পথে মুকসুদপুরে গাছ ফেলে রাস্তা বন্ধ করা থাকলেও পণ্যবাহী গাড়ি দেখে তাকে যেতে দেওয়া হয়। উজলপুরে বৈদ্যুতিক খুঁটি ফেলে রাখা হলেও সেখান থেকে পার হন। পুলিশ লাইনস এলাকার প্রতিবন্ধকতাও অতিক্রম করেন তিনি।
তবে রাত ১০টার দিকে দোলা পাম্প এলাকায় পৌঁছানোর পর আর সামনে এগোতে পারেননি। সেখানে গাছ ফেলে পুরো সড়ক বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
মুকসুদপুর থানায় হামলা, আগুনে পুড়ল অন্তত ১০ গাড়ি
সড়ক অবরোধ ও বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সরকারি গাড়ি এবং থানায় জব্দ করে রাখা যানবাহনসহ অন্তত ১০টি গাড়িতে আগুন দেওয়া হয়।
স্থানীয় একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে লাঠিসোঁটা নিয়ে একদল নেতা-কর্মী থানায় হামলা চালান। পরে সেখানে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় থানা ভবন ও যানবাহনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অবরোধ, বিক্ষোভ, যান চলাচল বন্ধ এবং থানায় অগ্নিসংযোগের ঘটনায় জেলার সার্বিক জনজীবন ব্যাহত হয়েছে। বিশেষ করে মহাসড়কে আটকে পড়া পণ্যবাহী যানবাহন এবং জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।








