শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সবশেষ

অনিয়ম প্রমাণিত হলে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসীকল্যাণমন্ত্রী

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ করে, কোনো অযোগ্য বা ‘আনফিট’ কর্মীকে স্বাস্থ্য পরীক্ষায় ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল করা হতে পারে বলে সতর্ক করেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ ডিসেম্বর আরও একটি দল দেশটিতে পাঠানো হবে। বিদেশে কর্মরত বাংলাদেশিদের আইনি সহায়তা নিশ্চিত করতে একটি ‘ল ফার্ম’ গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।

প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়েও সরকারের উদ্যোগের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, প্রত্যেক নিহত প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের প্রক্রিয়া চলছে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সচেতনভাবে দায়িত্ব পালন করা জরুরি।

এদিকে বৃহত্তর সিলেটের অবকাঠামো ও পর্যটন উন্নয়ন নিয়েও বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ছয় লেন সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে। জৈন্তাপুরকে ইতোমধ্যে পৌরসভায় উন্নীত করা হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে জাফলং ও তামাবিল পর্যটনকেন্দ্রে আধুনিক রেস্টরুম এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা দৃশ্যমান হবে। এ ছাড়া সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে।

শিক্ষার্থীদের আর্থিক সহায়তার বিষয়ে মন্ত্রী বলেন, অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়া উচিত নয়। এ লক্ষ্যে তাঁর দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবনসহ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *