শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সবশেষ

ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ

ইতালির ভেনিসে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের তদন্তে তিন প্রবাসী বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হলেও তাদের ব্যবহৃত মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া তিনজন হলেন ইলিয়াস হোসেন, মুহাম্মদ বিপুল ও মনির হাওলাদার। স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনিসে পুলিশের একটি কার্যালয়ে তাদের ডেকে নেওয়া হয়। এ সময় একজন বাংলাদেশি দোভাষীও উপস্থিত ছিলেন।

তবে তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি পুলিশ। ইতালির প্রচলিত আইনি বিধিনিষেধের কথা উল্লেখ করে দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সংশ্লিষ্ট ব্যক্তিরাও কোনো মন্তব্য করতে চাননি।

সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় তিনজনের মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেওয়া হয়। তবে তদন্তের স্বার্থে ফোনগুলো নেওয়া হয়েছে কি না, কিংবা সেগুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

গত সেপ্টেম্বরে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি যান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৮ সেপ্টেম্বর গভীর রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় স্বজনদের সঙ্গে অবস্থানকালে একদল বাংলাদেশির বিরুদ্ধে তাকে শারীরিকভাবে হেনস্তা ও হামলার অভিযোগ ওঠে।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের ওপর হামলার অভিযোগ তুলে ধরেন বাঁধন। পরে স্থানীয় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন তিনি। ওই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিন বাংলাদেশিকে পুলিশের জিজ্ঞাসাবাদ এবং তাদের মোবাইল ফোন হেফাজতে নেওয়ার তথ্য সামনে আসার পর ঘটনাটি নিয়ে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তদন্তের অগ্রগতি কিংবা এ ঘটনায় কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *