বুধবার, ১ এপ্রিল ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে আহত ২

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন গণিত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাহফুজুর রহমান ও তানভীর নিয়াজ ফাহিম। ঘটনার পরপরই তাঁদের বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গণিত বিভাগের শিক্ষার্থী তানজিল আল সিয়াম জানান, সেমিনার কক্ষে ক্লাস চলাকালে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে, এতে দুইজন শিক্ষার্থী আহত হন। পরে চিকিৎসা দিয়ে তাঁদের বাসায় পাঠানো হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের কয়েকটি পুরোনো ভবন দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর আগে সংস্কারের জন্য কিছু সময় শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হলেও স্থায়ী সমাধান হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার পর উপাচার্য রইস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে গণিত বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন এবং উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। এতে ভবনগুলোর দ্রুত মেরামত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *