৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গিয়ে হামলা ও হেনস্তার অভিযোগ তুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার দাবি, স্থানীয় একটি পার্কে ভাই ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় কয়েকজন বাঙালি তার ওপর হামলা চালান। এ সময় তাকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
সোমবার রাতে মেস্ত্রে শহরে এ ঘটনা ঘটে বলে জানান বাঁধন। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল। হামলার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন অভিনেত্রী।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বাঁধন জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণের কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), ছাত্রলীগ (নিষিদ্ধ) এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দেন।
বাঁধনের প্রকাশ করা ভিডিওতে কয়েকজনকে তার দিকে এগিয়ে যেতে, ধস্তাধস্তি করতে এবং উত্তেজিত অবস্থায় কথা বলতে দেখা যায়। তাদের কয়েকজন অভিনেত্রীকে ‘জুলাই জঙ্গি’ বলেও সম্বোধন করেন। বাঁধনের অভিযোগ, একপর্যায়ে তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয়। সেই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ও ভিডিও প্রকাশের চেষ্টা করা হয়।
ফেসবুক লাইভে নিজের ওপর হামলার বর্ণনা দিতে গিয়ে বাঁধন বলেন, তিনি ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাঙালি এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। তার শরীরে পানি ও কোক ছোড়া হয়, ফলে তার পোশাক ভিজে যায়।
অভিনেত্রীর দাবি, হামলার সময় তার ওপর হাত তোলা হয় এবং কানের পাশেও আঘাত করা হয়। তার হাত থেকে মুঠোফোন ফেলে দেওয়া হয়। বাঁধনের ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ঘটনার সময় সঙ্গে থাকা শিশুটির বিষয়টিও বাঁধনের প্রকাশ করা একটি ভিডিওতে উঠে এসেছে। সেখানে শিশুটির কথা উল্লেখ করে হামলাকারীদের থামানোর চেষ্টা করতে শোনা যায়। এর জবাবে একজনকে বলতে শোনা যায়, ‘কিসের আবার বাচ্চা, ওকে জয় বাংলা বলতে হবে।’
নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন বাঁধন। তিনি বলেন, তাকে ‘জুলাই যোদ্ধা’ বলা হয়েছে, এবং তিনি এতে দ্বিমত করেননি। তার ভাষায়, ‘আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’
হামলার প্রতিবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, একজন আজমেরী হক বাঁধনকে দমানো সহজ নয়। তার দাবি, ইতালির মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া একজন অভিনেত্রীকে এভাবে হেনস্তার মাধ্যমে হামলাকারীরা নিজেদের আচরণই বিশ্বের সামনে তুলে ধরেছেন।
বাঁধন আরও বলেন, এ ধরনের আচরণ থেকে সংশ্লিষ্টদের বেরিয়ে আসা উচিত ছিল। তার মতে, এভাবে নিজেদের আগের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করে কোনো সুফল পাওয়া যাবে না।
ভিডিও বার্তায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রসঙ্গও আনেন বাঁধন। তিনি জানান, জয়ও ভেনিসে অবস্থান করছেন বলে তিনি জানতে পেরেছেন। তার কাছে এ ঘটনার বিষয়টি পৌঁছে দেওয়ার কথাও বলেন অভিনেত্রী।
চলচ্চিত্র উৎসবে বাঁধন
চলমান ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে অংশ নিয়েছেন আজমেরী হক বাঁধন। উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে জায়গা পেয়েছে সিনেমাটি।
৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এতে চারটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।
এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিলেন বাঁধন। আন্দোলনের পক্ষে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমেও বক্তব্য দিয়েছিলেন তিনি।








