মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি মোটরসাইকেল আরোহী। দেশটির পেরাক রাজ্যের তেলুক ইনতান-বিদোর সড়কে পেছন থেকে একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেলে থাকা অপর বাংলাদেশি আরোহী ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছেন। প্রাথমিক তদন্তে নিহত ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং মোটরসাইকেলটির রোড ট্যাক্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তথ্য পেয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে পেরাকের তেলুক ইনতান-বিদোর সড়কের ১৯ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ট্রাফিক তদন্ত ও প্রয়োগ শাখা দুর্ঘটনার খবর পায়।
পেরাক জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার চুয়া কোক লিয়ান জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী, লরি ও মোটরসাইকেল দুটি একই দিকে, বিদোর থেকে তেলুক ইনতানের দিকে যাচ্ছিল। পথে একটি মোড় অতিক্রম করার সময় পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় লরিটি। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, মোটরসাইকেলটিতে দুই বাংলাদেশি নাগরিক ছিলেন। দুর্ঘটনায় চালকের মৃত্যু হলেও তার সঙ্গে থাকা অপর আরোহী ঘটনাস্থল থেকে চলে যান। লরিটি চালাচ্ছিলেন একজন স্থানীয় মালয়েশীয় নাগরিক। দুর্ঘটনায় তিনি কোনো আঘাত পাননি।
তদন্তে সামনে এলো লাইসেন্স ও রোড ট্যাক্সের তথ্য
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে পুলিশ জানতে পেরেছে, নিহত বাংলাদেশি মোটরসাইকেল চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। এ ছাড়া মোটরসাইকেলটির রোড ট্যাক্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল।
ঘটনাটি মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১ (১) ধারায় তদন্ত করছে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনার সময় লরি চালক মাদক বা অ্যালকোহলের প্রভাবে ছিলেন কি না, তা যাচাই করতে তার রক্তের নমুনা সংগ্রহ করে টক্সিকোলজি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া বাংলাদেশি আরোহীর সন্ধান করছে পুলিশ। একই সঙ্গে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ। এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানায় অথবা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।








