সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সবশেষ

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

দীর্ঘদিন ধরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কার্যক্রম চলাকালে তাকে আটক করা হয়। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ইমিগ্রেশন পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

ইমিগ্রেশন পুলিশের সূত্রে জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আসলাম। এ সময় ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। মামলাটির তদন্ত করছে ডিবি।

ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম আসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নব্বইয়ের দশকে অপরাধজগতের আলোচিত নাম শেখ মো. আসলাম। চারদলীয় জোট সরকারের সময় ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায়ও তার নাম ছিল। ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা আসলামের বাবার নাম শেখ জিন্নাত আলী।

আসলামের বিরুদ্ধে অপরাধজগতে জড়িয়ে পড়ার অভিযোগের সূত্রপাত ঘটে আশির দশকে। ১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর একের পর এক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলোচনায় আসেন তিনি। একপর্যায়ে কিছুদিন সুইডেনে অবস্থান করেন। পরে দেশে ফিরে এলে তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়।

তবে তার বিরুদ্ধে থাকা সব মামলার আইনি অবস্থান এক নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের তথ্য অনুযায়ী, হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলায় আদালত থেকে খালাস পেয়েছেন আসলাম। এসব রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। আরেকটি মামলায় তিনি অব্যাহতি পান। অস্ত্র আইনের দুটি মামলায় তার যাবজ্জীবন ও ১৭ বছরের কারাদণ্ড হয়েছিল। পরবর্তী সময়ে উচ্চ আদালত থেকে এসব মামলায়ও অব্যাহতি পান তিনি।

পুলিশের নথি অনুযায়ী, আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যা ঘটনায়। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব হত্যাকাণ্ডের পর আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পরের বছর, ১৯৯৮ সালের ৮ এপ্রিল পুলিশ এ মামলার অভিযোগপত্র দেয়। মামলাটি এখনো বিচারাধীন।

এ মামলায় জামিন পাওয়ার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কারাগার থেকে মুক্তি পান আসলাম। মুক্তির প্রায় দুই বছর পর এবার বিমানবন্দরে গ্রেপ্তারের মধ্য দিয়ে আবারও আলোচনায় এলেন নব্বইয়ের দশকের এই আলোচিত সন্ত্রাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *