ফেনীর অর্থনীতির বড় একটি অংশের সঙ্গে জড়িয়ে আছে প্রবাসীদের পাঠানো অর্থ। জেলার অসংখ্য পরিবারের সংসার চলে বিদেশে থাকা স্বজনদের আয়ে। কারও সন্তানদের পড়াশোনা, কারও বাড়িঘর নির্মাণ, আবার কারও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনে রয়েছে প্রবাসী আয়ের অবদান। রেমিট্যান্স পাঠানোর দিক থেকেও দেশের উল্লেখযোগ্য জেলাগুলোর একটি ফেনী। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে এবার সেই অর্থনৈতিক ভিত্তিই অনিশ্চয়তার মুখে পড়েছে।
একদিকে কমছে নতুন কর্মীর বিদেশযাত্রা, অন্যদিকে চাকরি ও বেতন নিয়ে সংকটে পড়ে দেশে ফিরছেন আগে থেকে কর্মরত অনেকে। ফিরে আসা এসব মানুষের একটি অংশকে এখন নতুন করে জীবিকা নির্বাহের পথ খুঁজতে হচ্ছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ফেনীর পরিবারগুলোর আয় কমার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে ফেনী থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গিয়েছিলেন ৮৪১ জন। অক্টোবরে এ সংখ্যা নেমে আসে ৭৬৮ জনে। অর্থাৎ এক মাসে বিদেশগামী কর্মীর সংখ্যা কমেছে ৭৩ জন।
পরিসংখ্যান বলছে, ফেনী থেকে বিদেশযাত্রার সামগ্রিক প্রবণতাতেও নিম্নমুখী চিত্র দেখা যাচ্ছে। ২০২৩ সালে জেলা থেকে বিদেশে গিয়েছিলেন ২২ হাজার ৮১৫ জন। ২০২৪ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ১৫ হাজার ৪০০ জনে। ২০২৫ সালে বিদেশে যান ১৫ হাজার ৩৭১ জন। আর চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিদেশে গেছেন ৯ হাজার ৭৯৫ জন।
২০০৫ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ফেনী থেকে কর্মসংস্থানের জন্য বিদেশে যাওয়া মানুষের মোট সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৭৯৭ জন। গত বছরের তুলনায় চলতি বছরের মাসিক গড় বিদেশযাত্রার হারও প্রায় ২৩ দশমিক ৫ শতাংশ কমেছে।
বিদেশ থেকে ফিরে নতুন জীবিকার সন্ধানে
মধ্যপ্রাচ্যের কর্মসংস্থান পরিস্থিতির প্রভাব পড়ছে আগে থেকে সেখানে কর্মরত ফেনীর বাসিন্দাদের ওপরও। চাকরি হারিয়ে কিংবা বেতন না পেয়ে দেশে ফিরে আসা কয়েকজন প্রবাসীর অভিজ্ঞতায় উঠে এসেছে সেই সংকট।
ফেনীর বাসিন্দা নুর নবী প্রায় ১৮ বছর সৌদি আরবে কাজ করেছেন। কিন্তু তিন মাস আগে তার কোম্পানি তাকে দেশে পাঠিয়ে দেয়। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে এখন নতুনভাবে ব্যবসা শুরু করেছেন তিনি। শহরের পেট্রোবাংলা সড়কে ‘প্রবাসী মেটাল’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
সৌদি আরব থেকে ফিরে আসা আরেক প্রবাসী মো. কামাল উদ্দিনের পেশাও বদলে গেছে। সেখানে গাড়ি চালানোর কাজ করতেন তিনি। হঠাৎ মালিকপক্ষ দেশে পাঠিয়ে দেওয়ায় এখন ফেনীতে একটি সিএনজি অটোরিকশা কিনে চালাচ্ছেন।
কুয়েতপ্রবাসী মো. আফজলের রহমানের অভিজ্ঞতাও একই ধরনের। টানা ছয় মাস বেতন না পাওয়ায় চলতি বছরের মে মাসে দেশে ফিরে আসেন তিনি। বর্তমানে ফেনীতে একটি দোকান খুঁজছেন, যাতে নতুন করে কোনো ব্যবসা শুরু করতে পারেন।
সৌদি আরবে কর্মরত মো. শাহজাহান বলেন, ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকেরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। ফেনীর প্রায় প্রতিটি বাড়িতে তিন থেকে চারজন পর্যন্ত মানুষ মধ্যপ্রাচ্যে কাজ করেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশ থেকে অনেকে দেশে ফিরেছেন। আবার যারা সেখানে রয়েছেন, তাদেরও অনেককে নানা সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে।
বিদেশযাত্রায় মৌসুমি প্রভাবও রয়েছে
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. দিদার মিয়া বলেন, ফেনীর অধিকাংশ প্রবাসী কাতার, কুয়েত ও সৌদি আরবে কর্মরত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা কমেছে। পাশাপাশি ওমানে ভিসা বন্ধ থাকায় সেখানেও নতুন কর্মী পাঠানো সম্ভব হচ্ছে না।
তবে বিদেশযাত্রার ক্ষেত্রে মৌসুমি প্রভাবের বিষয়টিও রয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, সাধারণত নভেম্বর ও ডিসেম্বর মাসে বিদেশে যাওয়ার প্রবণতা কম থাকে। মার্চের দিকে আবার কর্মী যাওয়ার সংখ্যা বাড়ে।
বিদেশে গিয়ে কাজ বা আকামা না পাওয়া কিংবা রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার ব্যক্তিদেরও সহযোগিতা করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। দিদার মিয়া জানান, গত অক্টোবরে ২০০ জন বিদেশগামী ব্যক্তিকে পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ৩০ জন বিদেশগামী কর্মীর তথ্য সংরক্ষণ ও যাচাই করা হয়েছে। এ ছাড়া বিদেশফেরত পাঁচজন অসুস্থ কর্মীকে আর্থিক সহায়তা পাওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।
বিদেশে থাকা কর্মীদের সমস্যা সমাধানের জন্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন করা হয়েছে। প্রবাসীরা ইমেইলের মাধ্যমে সেখানে তাদের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন বলেও জানান তিনি।
এদিকে জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ার মাথিয়ারায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে প্রশিক্ষণ নিয়েছেন ১২ হাজার ৫০০ কর্মী।
প্রবাসী ও তাদের পরিবারের জন্য সরকারি সহায়তা
বিদেশফেরত কর্মী এবং প্রবাসীদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম রয়েছে বলে জানিয়েছেন ফেনী প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মাসুদ পারভেজ।
তিনি বলেন, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কাজ করছে। বিদেশ থেকে ফিরে আসা যেকোনো প্রবাসী এই বোর্ডের মাধ্যমে সহযোগিতা পেতে পারেন। বিদেশে আহত বা অসুস্থ হয়ে দেশে ফিরলে বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থাও রয়েছে।
প্রবাসে কোনো কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন তিন লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। অসুস্থ প্রবাসীরা চিকিৎসার জন্য দুই লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। পাশাপাশি প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও সহযোগিতা দেওয়া হয়।
মাসুদ পারভেজ আরও জানান, প্রবাসী পরিবারের সদস্যদের প্রশিক্ষণ ও ব্যবসার সুযোগ তৈরির লক্ষ্যে নির্বাচিত ৩০০ পরিবারকে এককালীন এক লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
রেমিট্যান্স কমলে সংকটে পড়বে জেলার অর্থনীতি
ফেনীর অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রবাসীদের অবদান উল্লেখযোগ্য। বিদেশ থেকে পাঠানো অর্থে শুধু ব্যক্তিগত সংসার চলে না, স্থানীয় বাজার, বাড়িঘর নির্মাণ, শিক্ষা ও ক্ষুদ্র ব্যবসার মতো বিভিন্ন খাতও সচল থাকে। ফলে মধ্যপ্রাচ্যে কর্মসংস্থান সংকুচিত হলে এর প্রভাব একাধিক স্তরে পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।
ফেনী ইউনিভার্সিটির সাবেক ট্রেজারার অধ্যাপক তায়বুল হক বলেন, রেমিট্যান্স ও বিদেশগমনের ক্ষেত্রে ফেনী একসময় দেশের শীর্ষ এক বা দুই অবস্থানে ছিল। এখন বিদেশে যাওয়ার সংখ্যা কমে গেলে স্বাভাবিকভাবেই প্রবাসী আয় আসার প্রবণতাও কমবে। এতে পরিবারগুলোর জীবনযাত্রার মান, সন্তানদের পড়াশোনা এবং সামগ্রিক ব্যয়ের ওপর প্রভাব পড়বে।
তিনি বলেন, একদিকে পরিবারের ব্যয় সংকুচিত হবে, অন্যদিকে আয় কমে যাওয়ায় অনেক পরিবার আগের অবস্থান ধরে রাখতে পারবে না। ফলে মানুষের জীবনযাত্রার মান আরও নিচে নেমে যাওয়ার পাশাপাশি জেলার অর্থনীতিও দুর্বল হয়ে পড়তে পারে।
অধ্যাপক তায়বুল হকের আশঙ্কা, মধ্যপ্রাচ্য থেকে চাকরি হারিয়ে দেশে ফেরার প্রবণতা বাড়লে স্থানীয় শ্রমবাজারে অতিরিক্ত চাপ তৈরি হবে। ফিরে আসা ব্যক্তিরা নতুন কর্মসংস্থান না পেলে তাদের আর্থিক দুরবস্থা বাড়বে। এর নেতিবাচক প্রভাব সামাজিক জীবনেও পড়তে পারে। বেকারত্ব ও হতাশা থেকে চুরি-ডাকাতি, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং সামাজিক অস্থিরতা বাড়ার আশঙ্কাও রয়েছে।
তার মতে, ফেনীর মতো প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল জেলাগুলোকে অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র শিল্পের বিকাশ, আধুনিক প্রযুক্তিনির্ভর তাঁতশিল্প এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া যেতে পারে।
তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন বিনিয়োগ আকর্ষণ করাও সহজ হবে না বলে মনে করেন তিনি। মধ্যপ্রাচ্যনির্ভর কর্মসংস্থানের দীর্ঘদিনের প্রবণতা পরিবর্তন করাও বড় চ্যালেঞ্জ। এ কারণে মধ্যপ্রাচ্যের বাইরে অন্য দেশগুলোতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে বিকল্প আয়ের ক্ষেত্র তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
বিকল্প শ্রমবাজার খুঁজতে হবে সরকারকে
মধ্যপ্রাচ্যের সংঘাত বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স খাতের জন্য নতুন ঝুঁকি তৈরি করেছে। শুধু নতুন কর্মী পাঠানোর সুযোগ কমছে না, সেখানে আগে থেকে কর্মরত শ্রমিকদের চাকরি টিকিয়ে রাখাও কঠিন হয়ে উঠছে। বিশেষ করে আকামা ও চাকরির চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
এ অবস্থায় প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিকল্প শ্রমবাজার অনুসন্ধানে সরকারকে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন।
তিনি বলেন, সৌদি আরব, কাতার, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করেন। এসব দেশ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রমবাজার। তাই সেখানে সংঘাত ও নিরাপত্তাঝুঁকি তৈরি হলে বাংলাদেশের শ্রমবাজার এবং রেমিট্যান্স খাত সরাসরি ক্ষতিগ্রস্ত হয়।
তার মতে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনার পর ওই অঞ্চলজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রেও। পাশাপাশি আগে থেকে কর্মরত অনেক বাংলাদেশি শ্রমিক চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন। আকামা ও চাকরির চুক্তি নবায়ন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এজিএম নিয়াজ উদ্দিন বলেন, প্রবাসীদের পাঠানো অর্থ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই শুধু তাদের পাঠানো রেমিট্যান্স গ্রহণ করলেই দায়িত্ব শেষ হয় না; যারা এই অর্থ পাঠাচ্ছেন, তাদের নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তাও দিতে হবে।
এ জন্য বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি। যেসব কর্মী আকামা বা চাকরির চুক্তি নবায়ন নিয়ে সমস্যায় রয়েছেন, তাদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া এবং চাকরি হারানোর ঝুঁকিতে থাকা কর্মীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপরও গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের বাইরে নতুন শ্রমবাজার খুঁজে বের করা এখন সময়ের দাবি। একই সঙ্গে চলমান যুদ্ধ ও সংঘাত বন্ধে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
এজিএম নিয়াজ উদ্দিনের মতে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অবস্থান কাজে লাগিয়ে যুদ্ধ নিরুৎসাহিত করা, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতার পরিবেশ তৈরিতে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে পারে।
ফেনীর বর্তমান পরিস্থিতি বলছে, প্রবাসনির্ভর অর্থনীতির সামনে এখন একাধিক চ্যালেঞ্জ। বিদেশে নতুন কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া, দেশে ফিরে আসা কর্মীদের পুনর্বাসন এবং রেমিট্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা, সবকিছুই পরস্পরের সঙ্গে যুক্ত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দীর্ঘায়িত হলে এর চাপ শুধু প্রবাসীদের ওপর নয়, তাদের ওপর নির্ভরশীল পরিবার এবং পুরো জেলার অর্থনীতির ওপরও পড়তে পারে। তাই বিদেশে কর্মসংস্থানের বিকল্প পথ তৈরির পাশাপাশি দেশে ফেরত আসা কর্মীদের জন্য টেকসই জীবিকার ব্যবস্থা করাই এখন বড় প্রয়োজন।








