সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সবশেষ

ঋণ নিয়ে জমি বিক্রি করে গ্রিসে গিয়ে হাজারো বাংলাদেশির দিন কাটছে বন্দিশিবিরে

ভালো আয়ের আশায় বিদেশ পাড়ি দিতে পরিবারের জমি বিক্রি করেছেন কেউ, কেউ আবার নিয়েছেন ঋণ। দালালের হাতে তুলে দিয়েছেন ১৪ থেকে ২৬ লাখ টাকা পর্যন্ত। কিন্তু ইউরোপে গিয়ে ভাগ্য বদলানোর স্বপ্ন পূরণ হয়নি। উল্টো ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানোর পর এখন বিভিন্ন দ্বীপের অভিবাসী আটককেন্দ্রে দিন কাটছে তাদের। দেশে ফেরার সুযোগ থাকলেও পরিবারের শেষ সম্বল হারিয়ে ফিরে কী করবেন, সেই দুশ্চিন্তায় সিদ্ধান্ত নিতে পারছেন না অনেকে।

গ্রিসে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেও অধিকাংশ বাংলাদেশির সুরক্ষা পাওয়ার সম্ভাবনা খুবই কম। চলতি বছরের প্রথম নয় মাসে সমুদ্রপথে দেশটিতে পৌঁছেছেন ৬ হাজার ১৫০ জন বাংলাদেশি। একই সময়ে আন্তর্জাতিক সুরক্ষা চেয়ে বাংলাদেশিদের সাত হাজারের বেশি আবেদন জমা পড়েছে। প্রথম ধাপে নিষ্পত্তি হওয়া আবেদনের মধ্যে সুরক্ষা পাওয়ার হার ১ শতাংশেরও কম।

খুলনার তেরখাদা উপজেলার মল্লিকপুরের বাসিন্দা তানভীর আহমেদ হাদীর অভিজ্ঞতাও একই বাস্তবতার চিত্র তুলে ধরে। গ্রিসে যাওয়ার জন্য পরিবারের জমি বিক্রি ও বন্ধক রেখে ১৪ লাখ টাকা জোগাড় করেছিলেন তিনি। দালালের মাধ্যমে লিবিয়া থেকে রাবারের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গত ১৭ আগস্ট গ্রিসে পৌঁছান। কিন্তু সেখানে কাজ পাওয়া তো দূরের কথা, এখন লেরোস দ্বীপের একটি আটককেন্দ্রে বন্দিজীবন কাটছে তার।

তানভীরের অভিযোগ, আটককেন্দ্রে দিনে একবার খাবার দেওয়া হয়। অনেক সময় সেই খাবার খাওয়ার উপযোগী থাকে না। তাই খাবারের খরচ চালাতে বাড়ি থেকে প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকা পাঠাতে হচ্ছে। পরিবারের সহায়তা বন্ধ হয়ে গেলে না খেয়ে থাকতে হবে বলে জানান তিনি।

তানভীরের মতো আরও অনেক বাংলাদেশি গ্রিসের বিভিন্ন দ্বীপে আটকে রয়েছেন। লেরোস, কোস, সামোস ও লেসবোসের অভিবাসী আটককেন্দ্রে থাকা নয়জন বাংলাদেশির সঙ্গে মুঠোফোনে কথা বলে তাদের দুর্দশার কথা জানা গেছে। তাদের দাবি, বিভিন্ন দ্বীপে আটকে থাকা বাংলাদেশির সংখ্যা ৮ হাজারের বেশি।

তবে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, চলতি বছরের প্রথম নয় মাসে সমুদ্রপথে গ্রিসে পৌঁছেছেন ৬ হাজার ১৫০ জন বাংলাদেশি। এথেন্সকেন্দ্রিক বাংলাদেশ-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

এথেন্সে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, আশ্রয়ের আবেদন করা বাংলাদেশিদের মধ্যে দুই হাজার জন আটক রয়েছেন বলে গত সপ্তাহে গ্রিক সরকার দূতাবাসকে জানিয়েছে। অন্যদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। সেই প্রক্রিয়া শেষ হলে গ্রিক সরকার দূতাবাসকে পরবর্তী তথ্য জানাবে।

ঢাকার সরকারি একটি সূত্রও জানিয়েছে, অনিয়মিত পথে গ্রিসে যাওয়া অনেক বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার গ্রিক সরকারের কাছ থেকে প্রতিবেদন পেয়েছে।

৪৬ ঘণ্টার সাগরযাত্রা, গন্তব্যে গিয়ে আটক
তানভীর আহমেদ হাদী ২০২৪ সালে এসএসসি পাস করেন। তার ছোট ভাই ও বোন এখনো পড়াশোনা করছে। দেশে পড়াশোনা শেষ করেও অনেককে বেকার থাকতে দেখে তার ধারণা হয়েছিল, ভালো চাকরি পেতেও বিপুল অর্থের প্রয়োজন। তাই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

তানভীরের ভাষ্য, যার হাতে টাকা দিয়েছিলেন, তিনি ছিলেন মূল দালালের সহযোগী। মূল দালালের পরিচয়ও তার জানা ছিল না।

চলতি বছরের জানুয়ারির দিকে তার বিদেশযাত্রা শুরু হয়। প্রথমে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সেখানে ছয় দিন থাকার পর উড়োজাহাজে মিসর এবং সেখান থেকে লিবিয়ায় পৌঁছান। বেনগাজিতে দালালের লোকজন তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। সেখানে খাবারের সংকটও ছিল। কখনো একজনের খাবার পাঁচজন ভাগ করে খেতে হয়েছে।

কয়েক মাস পর একদিন গাড়িতে করে তাদের সমুদ্রের তীরে নেওয়া হয়। তানভীরকে বলা হয়েছিল, কাঠের নৌকায় করে গ্রিসে যেতে হবে। কিন্তু তীরে গিয়ে দেখেন, অপেক্ষা করছে বাতাসভরা রাবারের নৌকা। ৫৭ জনকে সেই নৌকায় তোলা হয়।

যাত্রার সময় আবহাওয়া প্রতিকূল ছিল। নৌকায় পানি ঢুকে সঙ্গে থাকা শুকনা খাবার নষ্ট হয়ে যায়। পান করার মতো পানিও ছিল সামান্য। নৌকার পানি সেচে ফেলে সামনে এগোনোর চেষ্টা করেন যাত্রীরা। এভাবে প্রায় ৪৬ ঘণ্টা পর গ্রিসের উপকূলে পৌঁছাতে সক্ষম হন তারা।

তীরে পৌঁছানোর দুই ঘণ্টার মধ্যেই পুলিশ তাদের আটক করে। প্রথমে একটি আটককেন্দ্রে নেওয়া হয়। দুই দিন পর স্থানান্তর করা হয় লেরোস দ্বীপে।

তানভীর জানান, শুরুতে তাকে বলা হয়েছিল, ১২ সপ্তাহ পর কাজের ব্যবস্থা হবে। কিন্তু পরে সাক্ষাৎকারের পর জানানো হয়, তার আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। এখন তাকে স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে।

আশ্রয়ের আবেদন, সুরক্ষা মিলছে খুব কম
গ্রিসে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় পাওয়ার সম্ভাবনা কমে যাওয়ার পেছনে দেশটিকে নিরাপদ উৎসদেশ হিসেবে বিবেচনার বিষয়টি গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা গত শনিবার বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মানুষ সমুদ্রপথে গ্রিসে আসছেন। বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করায় বর্তমানে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে না।

২০২১ সালে বাংলাদেশকে নিরাপদ উৎসদেশের তালিকায় অন্তর্ভুক্ত করে গ্রিস। চলতি বছরের ১২ জুন থেকে কার্যকর হওয়া ইউরোপীয় ইউনিয়নের তালিকাতেও বাংলাদেশের নাম রয়েছে।

তবে এর অর্থ এই নয় যে কোনো বাংলাদেশি আশ্রয়ের আবেদন করতে পারবেন না। দেশে ফিরে গেলে কোনো ব্যক্তি নির্দিষ্টভাবে নিপীড়ন বা গুরুতর ক্ষতির ঝুঁকিতে পড়বেন কি না, তা বিবেচনার সুযোগ রয়েছে। তবে কেবল বেকারত্ব কিংবা ভালো কাজের সুযোগ না থাকাকে রাজনৈতিক আশ্রয় পাওয়ার যথেষ্ট কারণ হিসেবে বিবেচনা করা হয় না।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে বাংলাদেশিদের সাত হাজারের বেশি আন্তর্জাতিক সুরক্ষার আবেদন জমা পড়েছে। কিন্তু প্রথম ধাপে নিষ্পত্তি হওয়া আবেদনগুলোর মধ্যে সুরক্ষা পাওয়ার হার ১ শতাংশের নিচে।

এ ছাড়া লিবিয়াসহ উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অনিয়মিতভাবে সমুদ্রপথে আসা ব্যক্তিদের আশ্রয়ের আবেদন নিবন্ধন এক দফা স্থগিত করেছিল গ্রিস। ২০২৫ সালের ১৪ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ওই স্থগিতাদেশ কার্যকর ছিল।

গ্রিসে বাংলাদেশিদের বৈধভাবে বসবাসের সংখ্যা প্রায় ২৪ হাজার বলে জানিয়েছে দূতাবাস। দুই দেশের সমঝোতা অনুযায়ী, বছরে সর্বোচ্চ চার হাজার বাংলাদেশির কাজের উদ্দেশ্যে গ্রিসে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবে এই ব্যবস্থায় কর্মী যাচ্ছেন খুব কম।

সম্প্রতি গ্রিসের অলিম্পিয়া ফোরামে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা জানান, প্রশাসনিক জটিলতা ও ভিসা-সংক্রান্ত সমস্যার কারণে দুই বছরে এই ব্যবস্থায় ৫০০ জনেরও কম বাংলাদেশি কর্মী গ্রিসে পৌঁছাতে পেরেছেন।

এথেন্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বলেন, গ্রিসে থাকা কিছু বাংলাদেশি দেশে স্বজনদের কাছে নিজেদের ভালো থাকার কথা জানান। তাদের কথায় অনুপ্রাণিত হয়ে অন্যরাও ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। ভালো আয়ের প্রত্যাশাও এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

অনিয়মিত পথে গ্রিসে যাওয়া ব্যক্তিদের বিষয়ে দূতাবাসের ভূমিকা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের ভূমিকা নেই। যারা বৈধভাবে আসছেন, তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব।’

২৬ লাখ টাকা খরচ করেও মিলছে না নিশ্চয়তা
শুধু তানভীর নন, আরও অনেক বাংলাদেশি পরিবারের সর্বস্ব বিক্রি করে গ্রিসে গিয়ে এখন অনিশ্চয়তায় রয়েছেন।

কোস দ্বীপের একটি আটককেন্দ্রে থাকা অজিব রহমানের গ্রিসে পৌঁছাতে খরচ হয়েছে ২৬ লাখ টাকা। চট্টগ্রামের শহিদুল ইসলামের পেছনে তার পরিবারের ব্যয় হয়েছে প্রায় ১৯ লাখ টাকা। দুই মাস ধরে একটি গ্রিক দ্বীপের আটককেন্দ্রে রয়েছেন শহিদুল। এ সময়ে তার থাকা-খাওয়ার খরচ বাবদ পরিবার থেকে আরও দেড় লাখ টাকা পাঠানো হয়েছে।

অজিবের বাড়ি ভৈরবের সম্ভুপুরে। গত বছরের ডিসেম্বরে দেশ ছাড়ার পর দুবাই ও মিসর হয়ে ভ্রমণ ভিসায় লিবিয়ায় যান তিনি। লিবিয়ায় পৌঁছানোর আগেই বাবার মৃত্যুর খবর পান। সেখানে অবস্থানকালে জানতে পারেন, তার মাও মারা গেছেন।

প্রায় পাঁচ মাস পর নৌকায় করে গ্রিসের উদ্দেশে রওনা হন অজিব। তার ভাষ্য, সমুদ্রে গিয়ে তারা পথ হারিয়ে ফেলেন। পাঁচ দিন পর ডেনমার্কের একটি জাহাজ তাদের উদ্ধার করে গ্রিসে নিয়ে যায়। এরপর তাকে কোস দ্বীপের আটককেন্দ্রে রাখা হয়। অজিব জানান, প্রথমে তাকে তিন মাস আটকে রাখার কথা বলা হয়েছিল। পরে সেই সময় বাড়িয়ে এক বছর করার কথা জানানো হয়। তার হিসাব অনুযায়ী, প্রায় সাত মাস ধরে তিনি আটক রয়েছেন।

গ্রিসের লেরোস, সামোস, কোস ও লেসবোস দ্বীপের অভিবাসী কেন্দ্রগুলোয় প্রবেশ ও বের হওয়ার ওপর নিয়ন্ত্রণ রয়েছে। কোস দ্বীপে পুলিশের পৃথক আটককেন্দ্রও রয়েছে। এ ছাড়া উত্তর গ্রিসের মূল ভূখণ্ডে রয়েছে সিনতিকি কেন্দ্র।

আটক বাংলাদেশিদের কেউ তিন মাস, কেউ ছয় মাস, আবার কাউকে এক বছর পর্যন্ত সেখানে থাকতে হতে পারে বলে জানানো হয়েছে। ফলে অনিশ্চিত সময়ের জন্য আটককেন্দ্রে থাকা এসব মানুষের পরিবারের ওপরও বাড়ছে আর্থিক চাপ।

দেশে ফেরার সুযোগ, কিন্তু সংসার চলবে কীভাবে?
আটক বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাদের ফেরার প্রক্রিয়ায় গ্রিক সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ ক্ষেত্রে দূতাবাসও প্রয়োজনীয় সহযোগিতা করবে।

কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া সহজ হচ্ছে না অনেকের জন্য। কারণ, বিদেশে যাওয়ার খরচ জোগাতে তাদের কেউ জমি বিক্রি করেছেন, কেউ বন্ধক রেখেছেন, আবার কেউ ঋণ করেছেন। এখন কোনো আয় ছাড়াই দেশে ফিরে সংসারের দায়িত্ব কীভাবে সামলাবেন, তা নিয়ে উদ্বিগ্ন তারা।

অজিব রহমানের স্ত্রী ও আট মাস বয়সী একটি মেয়ে রয়েছে। গ্রিসে যাওয়ার জন্য পরিবারের জমি বিক্রি করেছেন তিনি। এখন আর বিক্রি করার মতো জমিও অবশিষ্ট নেই। দেশে ফিরে কীভাবে সংসার চালাবেন, সেই চিন্তায় স্বেচ্ছায় ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না।

একই পরিস্থিতিতে রয়েছেন শহিদুল ইসলামের পরিবার। তার বড় ভাই চট্টগ্রামের মোহাম্মদ খোকন জানান, শহিদুল লিবিয়ায় থাকাকালে মাঝেমধ্যে কাজ পেতেন। সেখানে খাবার ও পানির সংকটের কথা শুনে তাদের মা দুশ্চিন্তায় কান্নাকাটি করতেন। ভাইকে গ্রিসে পাঠানোর জন্য খোকন সাত লাখ টাকা ঋণ নিয়েছিলেন। পাশাপাশি কিছু জমিও বিক্রি করেছিলেন।

কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। গ্রিসের আটককেন্দ্র থেকে মাকে ফোন করে কান্নাকাটি করেন শহিদুল। টাকার প্রয়োজন হলে বোনের কাছেও ফোন করেন। পরিবারের পক্ষে আর্থিক সহায়তা চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে।

মোহাম্মদ খোকন বলেন, ‘কী করব বুঝতে পারছি না। এমন কোনো সম্পদ নাই যে দেশে এসে কিছু করবে।’

এ বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, অনিয়মিত পথে গ্রিসসহ বিভিন্ন দেশে যাওয়াকে সরকার উৎসাহিত করছে না। বিদেশে যাওয়ার আগে প্রত্যেকের নিজের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এভাবে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইলে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়। তার ভাষ্য, এভাবে বিদেশে যাওয়া ব্যক্তিদের অনেকে দেশে ফিরছেন। তথ্যসূত্র: প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *