শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

২৬ বছর আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রাজধানীর খিলগাঁওয়ে ২৬ বছর আগে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে আবদুল জলিল হাওলাদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৩-এর বিচারক মো. জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি জলিল পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০০ সালের ২৬ মে খিলগাঁও এলাকার একটি বাসায় আকলিমা বেগমের মরদেহ পাওয়া যায়। আকলিমা তখন ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই ঘটনায় তাঁর দুলাভাই মো. মিন্টু গাজী খিলগাঁও থানায় মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ঘটনার আগের রাতে দাম্পত্য কলহের জেরে আকলিমার সঙ্গে তাঁর স্বামী জলিলের ঝগড়া হয়। জি এম বাবুল নামের এক ব্যক্তি ওই দিন রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত জলিলকে রাস্তায় বিমর্ষ অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন। ঘটনার পর থেকেই জলিল পলাতক ছিলেন।

পুলিশ ২০০১ সালের ১৪ জুন এ মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার বিচার চলাকালে আদালত ছয়জনের সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *