ভারতের রাজধানী দিল্লিতে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার সকাল চারটার দিকে শহরের বিবেক বিহার এলাকার একটি চারতলা আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয় এবং আরও দুজন আহত হন।
প্রাথমিকভাবে ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ১৪টি দমকল ইউনিট কাজ শুরু করে। টানা দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ছয়টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল বিভাগের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সময় ভবনটি থেকে এক ডজনের বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার তৎপরতা চালায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে সব মরদেহ উদ্ধার করা হয় এবং সেগুলো দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় এক বাসিন্দার দাবি, একটি এসি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। তার ভাষ্য অনুযায়ী, ১২ থেকে ১৫ জনকে উদ্ধার করা হলেও কয়েকজন তখনও নিখোঁজ ছিলেন।
আরেক বাসিন্দা আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবনের ভেতরে এখনো এক বা দুটি পরিবার আটকে থাকতে পারে। তিনি জানান, দমকল কর্মীরা বারান্দা ব্যবহার করে প্রায় ২০ জনকে উদ্ধার করেছেন, যদিও কিছু বাসিন্দা নিজেরাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। এছাড়া ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কাজ চলছে বলেও জানান তিনি।








