শনিবার, ১৬ মে ২০২৬

সবশেষ

হজের খরচ ৫-৬ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব: হাব সভাপতি

বাংলাদেশ থেকে হজ পালনের ব্যয় আরও কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। তার মতে, সঠিক ব্যবস্থাপনা ও অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ করা গেলে ভবিষ্যতে একজন হজযাত্রীর মোট ব্যয় ৫ থেকে ৬ লাখ টাকার মধ্যে রাখা সম্ভব হবে।

শনিবার (১৬ মে) রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সেখানে এবারের হজযাত্রার সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

হাব সভাপতি বলেন, ২০২৭ সালের মধ্যে বিমান ভাড়াও উল্লেখযোগ্য হারে কমতে পারে। তার আশা, তখন হজ ফ্লাইটের টিকিটের দাম প্রায় ১ লাখ টাকার মধ্যে নেমে আসবে। একইসঙ্গে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমাতে পারলে সামগ্রিক ব্যয়ও অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে।

সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, সীমিত সময়ের মধ্যে মোয়াল্লেম চুক্তি, বাসস্থান ভাড়া, পরিবহন ব্যবস্থা ও তাঁবু নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হয়েছে। তবে নানা চ্যালেঞ্জের মধ্যেও সব কার্যক্রম সফলভাবে শেষ করা সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস ও হাবের সমন্বিত সহযোগিতায় এবারের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে এগিয়ে চলছে।

এদিকে চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয় গত ১৭ এপ্রিল রাতে। ওইদিন রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। বিজি-৩০০১ নম্বর ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এবার মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *