চলতি বছরের হজ কার্যক্রম চলাকালে সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এবার মোট ১৬ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত রোববারের (১৭ মে) বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ মারা যাওয়া হজযাত্রীর নাম এন এম মনিরুল হক (৪৫)। তিনি ঢাকার তেজগাঁও এলাকার বাসিন্দা ছিলেন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। শনিবার (১৬ মে) মক্কায় তার মৃত্যু হয়।
এখন পর্যন্ত মৃত ১৬ হজযাত্রীর মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ১২ জন মক্কায় এবং ৪ জন মদিনায় মারা গেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে হজ ফ্লাইট কার্যক্রমও অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী।
ফ্লাইট পরিচালনার হিসাব অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭৮টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৫৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন।
এর আগে, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবারের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবগামী ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত। আর হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।








