সৌদি আরবে কর্মরত প্রবাসীদের ওয়ার্ক পারমিট (ওয়ার্ক পারমিট) সংক্রান্ত বিষয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন কিওয়া প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে নিয়োগকর্তাদের কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা প্রয়োজন হলে তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সোমবার (২৯ জুন) সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নাম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের কার্যক্রম শুরু হবে।
কিওয়ার ব্যাখ্যায় বলা হয়েছে, কোনো কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় নবায়ন না হলে তাকে প্রতিষ্ঠানের তালিকা থেকে বাদ দেওয়া হবে। তবে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া যে সময় কর্মী কাজ করেছেন, সেই সময়ের সব বকেয়া ফি ও আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে।
এ কারণে সময়সীমা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে প্ল্যাটফর্মটি।
তবে এ ক্ষেত্রে একটি ব্যতিক্রমও রাখা হয়েছে। যদি কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু তার ইকামার (বাসস্থান অনুমতি) মেয়াদ অন্তত ১৮০ দিন বৈধ থাকে, তাহলে ওয়ার্ক পারমিট নবায়ন না হলেও তাকে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না।
অন্যদিকে, ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম হলে প্রশাসনিক জটিলতা এড়াতে নিয়োগকর্তাকে একই সঙ্গে ইকামা ও ওয়ার্ক পারমিট নবায়ন করতে হবে।
কিওয়া আরও জানিয়েছে, তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ বা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কর্মরত প্রবাসীদের নামও স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে মুছে যাবে। এ ক্ষেত্রেও সংশ্লিষ্ট সময়ের সব আর্থিক দায়ভার নিয়োগকর্তাকেই বহন করতে হবে।
আইনগত জটিলতা ও অতিরিক্ত আর্থিক দায় এড়াতে বকেয়া ওয়ার্ক পারমিট ফি দ্রুত পরিশোধ, পারমিট নবায়ন অথবা প্রয়োজনে কর্মীকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের ব্যবস্থা নিতে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে কিওয়া।








