যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার গুরুত্বপূর্ণ মুহূর্তে একটি ফোনকল পুরো পরিস্থিতির গতিপথ বদলে দিয়েছিল বলে দাবি করেছেন আব্বাস আরাগচি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি ফোনকল পান। তার ভাষ্য অনুযায়ী, ফোনটি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর সেই কলের পরই আলোচনার ধারা বদলে যায়।
আরাগচির দাবি, ওই ফোনকলের পর যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার মূল ফোকাস সরে গিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে ঝুঁকে পড়ে। তিনি আরও অভিযোগ করেন, যুদ্ধক্ষেত্রে যে লক্ষ্য অর্জন সম্ভব হয়নি, আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র তা অর্জনের চেষ্টা করেছে।
পাকিস্তানের মধ্যস্থতায় গত শনিবার ইসলামাবাদে মুখোমুখি হন তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা। প্রায় ২১ ঘণ্টা দীর্ঘ এই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। তবে এত দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
বৈঠক শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আলোচনা ব্যর্থ হওয়ার কথা জানিয়ে ইসলামাবাদ ত্যাগ করেন ভ্যান্স। এর কয়েক ঘণ্টা পরই আরাগচি তার এই অভিযোগ তুলে ধরেন।
তিনি আরও বলেন, ইরান সব সময় তার জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সে অনুযায়ী প্রস্তুত রয়েছে।
তবে আলোচনার সময় সত্যিই নেতানিয়াহু ফোন করেছিলেন কি না, এ বিষয়ে এখনো পর্যন্ত ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি; তারা বিষয়টি স্বীকারও করেনি, আবার অস্বীকারও করেনি।
এদিকে ইসলামাবাদের এই ব্যর্থ বৈঠক যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধবিরতির ওপর নতুন করে চাপ তৈরি করেছে। গত মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতি এখন অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।







