বিদেশে কর্মী পাঠানোর কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে অভিযান চালিয়ে একটি কথিত ট্রাভেল এজেন্সির মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে সিলগালা করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির কার্যালয়।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারের ৮৭ নম্বর ঠিকানায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এই সাজা দেওয়া হয়।
অভিযানে এইচ এম জসিম উদ্দিন চাঁদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিদেশে কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়া যায়। তিনি ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করলেও এর কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি।
এ ছাড়া ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামে একটি রিক্রুটিং এজেন্সির পরিচয় ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ আদায়সহ বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন বলে অভিযানে উঠে আসে। পরে ঘটনাস্থল থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটির কার্যালয় সিলগালা করা হয়।
এদিকে, অভিবাসন খাতে প্রতারণা বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’।
মন্ত্রী বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সাধারণ মানুষকে সর্বস্বান্ত করে অবৈধভাবে অর্থ উপার্জনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশগামী কর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করা জরুরি। কোনো দালাল কিংবা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন না করারও পরামর্শ দেন তিনি।
বিএমইটি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসন খাতে প্রতারক চক্রের তৎপরতা বন্ধ এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।








