আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় মাত্র এক সপ্তাহে ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে পরিচালিত দেশব্যাপী অভিযানে গ্রেফতার করা হয়েছে ১০ হাজার ৭৮৩ জনকে।
গত শনিবার (২১ নভেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৭১৮ জনের বিরুদ্ধে আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ২৬৮ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশটিতে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান। এদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৭৩০ জন এবং নারী ২ হাজার ২১১ জন।
এদিকে, আটক ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও এগিয়ে নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য ২৩ হাজার ২৫০ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রত্যাবাসনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরও ১০ হাজার ৮১৪ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে এক সপ্তাহে ফেরত পাঠানো ১১ হাজার ৯১৫ জনের সবাই ওই সময়ে গ্রেফতার হননি। কারণ, একই সময়ে নতুন করে গ্রেফতার হওয়া ব্যক্তির সংখ্যা ছিল ১০ হাজার ৭৮৩। অর্থাৎ, ফেরত পাঠানোর তালিকায় আগের সময়ে আটক ব্যক্তিরাও রয়েছেন।
অন্যদিকে, সৌদি আরবের সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৩৭৩ জনকে আটক করা হয়েছে। অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও ২৮ জন।
আইন লঙ্ঘনকারীদের সহায়তার অভিযোগেও অভিযান চালানো হচ্ছে। এ ধরনের ব্যক্তিদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।
অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর শাস্তির বিধানের কথাও স্মরণ করিয়ে দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, কাউকে পরিবহন কিংবা আশ্রয় দেওয়ার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।
এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন এবং অপরাধীদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তি জব্দ করার পাশাপাশি দোষীদের নাম প্রকাশ করার ব্যবস্থাও নিতে পারে কর্তৃপক্ষ।
আইন লঙ্ঘন ও অবৈধ অভিবাসনে সহায়তার ঘটনা সম্পর্কে তথ্য দিতে দেশটির নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে যোগাযোগ করতে পারবেন। অন্য অঞ্চলগুলো থেকে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।








