রবিবার, ১৪ জুন ২০২৬

সবশেষ

সৌদি আরবে ব্যাপক কড়াকড়ি, এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসী বহিষ্কার

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন প্রয়োগে আরও কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশজুড়ে পরিচালিত এক সপ্তাহব্যাপী অভিযানে ১০ হাজারের বেশি প্রবাসীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে প্রায় ৮ হাজার জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৪ থেকে ১০ জুন পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে ১০ হাজার ৭০০ জনেরও বেশি বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৮৯৯ জনের বিরুদ্ধে আবাসন আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ৩ হাজার ৮৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৭৪২ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একই সময়ে ৭ হাজার ৯৮৯ জনকে বহিষ্কার করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি আরও হাজারো প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪১৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৫৫ শতাংশ ছিলেন ইথিওপিয়ার নাগরিক এবং ৪৩ শতাংশ ইয়েমেনের নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার সময় আরও ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বহিষ্কার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে গত এক সপ্তাহে ১৪ হাজার ২৬৮ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, যাতে তারা প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহ করতে পারেন। একই সময়ে আরও ১ হাজার ২৪০ জনের ট্রাভেল পারমিট প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

অভিযানে শুধু অবৈধ অভিবাসীরাই নয়, তাদের সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের পরিবহন, আশ্রয় প্রদান বা চাকরির সুযোগ করে দেওয়ার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ২২ হাজারের বেশি প্রবাসী অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

এদিকে আইন ভঙ্গকারীদের সহায়তা করার বিরুদ্ধে নতুন করে কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, কেউ অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা অন্য কোনো সহায়তা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ কোটিরও বেশি টাকা। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তিও বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

সাম্প্রতিক এই অভিযানকে সৌদি আরবের অভিবাসন ও শ্রমবাজার নিয়ন্ত্রণে চলমান কঠোর নীতির অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দেশটিতে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী কিংবা শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *